আজকাল ওয়েবডেস্ক: ছোটো এক ছানা। নর্দমায় খেলছে। মানুষের না, চিতাবাঘের। দেখা মিলল জলপাইগুড়িতে। খবর ছড়াতেই ভিড় জমে সেখানে।
জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের চিলোনি চা বাগানের নিকাশি নালায় হটাৎই নজরে পরে কিছু একটা নড়াচড়া করছে, কাছে গিয়ে দেখা গেল চিতাবাঘের শাবক। শনিবার শ্রমিকেরা বাগানের ১০ নম্বর সেকশানে কাজ করার সময় সেখানে শাবকটিকে দেখতে পান। কয়েকজন শ্রমিক শাবকটিকে কোলে তুলে নিলেও মা চিতাবাঘ আশেপাশেই থাকতে পারে এমনটা বুঝে তারা শাবকটিকে সেখানেই ছেড়ে ওই জায়গা থেকে চলে আসেন।
খবর দেওয়া হয় বনদপ্তরে। ওই এলাকায় আপাতত কাজ বন্ধ রাখা হয়। বনদপ্তরের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের সূত্রে জানা গিয়েছে, শাবকটিকে মা চিতাবাঘ এসে স্বাভাবিক ভাবেই অন্যত্র নিয়ে যাবে। সতর্কতা জারি করা হয়েছে এলাকাজুড়ে। ওই এলাকায় আগামী ক'দিন কাউকে যেতে নিষেধ করা হয়েছে। যদি মা চিতাবাঘ শাবকটিকে না নিয়ে যায়, তাহলে পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা।
















