আজকাল ওয়েবডেস্ক:  প্রবল বৃষ্টিতে পুনেতে হেলিকপ্টার ভেঙে দুর্ঘটনা। তবে প্রানরক্ষা হয়েছে পাইলট সহ ৩ যাত্রীর। পুনে রুরাল পুলিশের এসপি পঙ্কজ দেশমুখ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার ৩ জন যাত্রীকে নিয়ে মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিল একটি বেসরকারি কোম্পানির ওই হেলিকপ্টার। সেইসময় মাঝ আকাশে আচমকাই দুর্ঘটনা ঘটে। মহারাষ্ট্রের পুনের পাউদ গ্রামে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। খবর পাওয়া মাত্র্ই শুরু হয় উদ্ধারকাজ। জখম চারজনকেই নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা স্থিতিশীল বলে খবর।

 

জানা গিয়েছে, জুহু থেকে উড়ান শুরু করে এক বেসরকারি বিমান সংস্থার ওই হেলিকপ্টারটি। মাঝ আকাশে দুর্যোগের মুখে পড়ে কপ্টারটি। প্রবল ঝড়-বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়েই কি মাটিতে আছড়ে পড়ে ওই কপ্টার, তা জানতে শুরু হয়েছে তদন্ত। কারণ কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে নাজেহাল পুনে। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটল কি না, তারই উত্তর খুঁজছে তদন্তকারীরা। তবে হেলিকপ্টারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়টিও। দুর্ঘটনায় পাইলটের জখম গুরুতর বলে সূত্রের খবর। 

 


উল্লেখ্য, গত ৭ অগাস্ট নেপালের কাঠমান্ডুতে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টার। পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজে নামে সেনা। ধ্বংসস্তুপ থেকে এক মহিলা সহ চারজনের দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছিল, কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের মিনিট তিনেকের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন যায় হেলিকপ্টারটির। পরপর এই ধরনের হেলিকপ্টার দুর্ঘটনার জেরে উদ্বেগ বাড়ছে যাত্রী সুরক্ষা নিয়েও।