আজকাল ওয়েবডেস্ক: ২৩ তারিখ বিয়ের লগ্ন, রাজ্য জুড়ে বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানের ধুম, আর ঠিক সেই কারণেই বদলে গিয়েছে রাজস্থানের ভোটের দিনক্ষণ। এবার বিশেষ কারণ দেখিয়ে ভোটের গণনার দিন বদলের আবেদন মিজোরামে। বক্তব্য, রবিবার খ্রিস্টানদের জন্য পবিত্র,  সেই কারণে একাধিক সংগঠন আবেদন জানিয়েছে। ভোট গণনার দিন পরিবর্তনের দাবি জানিয়ে বিজেপি, কংগ্রেস, ক্ষমতাসীন এমএনএফ সহ খ্রিস্টান সংখ্যা গরিষ্ঠ মিজোরামের সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে । লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন।  নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে মিজোরামে ভোট ৭ নভেম্বর, ছত্তিশগড়ে ৭,১৭ নভেম্বর, মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর তেলেঙ্গানায় ভোট ৩০ নভেম্বর, রাজস্থানে ভোট ২৫ নভেম্বর। এর আগে রাজস্থানে ভোট ২৩ তারিখে নির্ধারিত হয়েছিল। কিন্তু সেদিন সে রাজ্যে বিয়ের লগ্ন এবং সামাজিক অনুষ্ঠান রয়েছে। তাতে একদিকে অনুষ্ঠানের কারণে এবং বিপুল জনসমাগমে সমস্যা হতে পারে, অন্যদিকে সামাজিক অনুষ্ঠানের কারণে ভোট প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ কমার আশঙ্কা। সে রাজ্যে ওই বিশেষ দিনে ৫০ হাজারের বেশি বিয়ের অনুষ্ঠান রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই রাজনৈতিক দলগুলি ভোটের দিন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিল। কমিশন সেই অনুরোধে সাড়া দিয়ে বদল করেছে ভোটের দিন। ২৩ তারিখের পরিবর্তে ২৫ তারিখে হবে সে রাজ্যে ভোট।   ৩রা ডিসেম্বর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা। এবার সেই দিন বদলের আবেদন জানিয়েছে মিজোরামের একাধিক সংগঠন।