আজকাল ওয়েবডেস্ক : দেশের বিভিন্ন প্রান্তেই এখন বর্ষার মরশুম। সেখানে দিল্লি থেকে শুরু করে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং অসমের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহের শেষেও বৃষ্টিতে ভাসবে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশে। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার, সিকিমেও জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর পাশাপাশি অসমের বন্যা পরিস্থিতি যথেষ্ট ঘোরালো হয়ে উঠেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিমধ্যেই অসমের বন্যায় প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন করেছেন। সেখানে মোট ৩০ টি জেলা এখন জলের তলায়। ইতিমধ্যেই ৭৭ টি পশুরও মৃত্যু ঘটেছে অসমে। সেগুলি বেশিরভাগই জলে ডুবে অথবা চিকিৎসা করার সময় মারা গিয়েছে। অন্যদিকে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে ৯৪ টি পশুকে উদ্ধার করা হয়েছে।