আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বর্ষা চলে এলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শনিবার থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এদিকে, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে শনিবারের পর থেকে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এদিকে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। 
এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির তেজ কিছুটা কমেছে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন জোরালো নয়। তবে সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।