আজকাল ওয়েবডেস্ক: আচমকা বিস্ফোরণ, আর তাতে হাত উড়ে গেল এক যুবকের। ঘটনাস্থল পানিহাটি। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকাল ১১টা নাগাদ আচমকাই বিস্ফোরণ ঘটে পানিহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল এলাকার একটি বাড়িতে। বাড়িতে মজুত বোমা ফেটে এই বিস্ফোরণ ঘটেছে বলেই জানা গিয়েছে। আর এই ঘটনায় বাড়ির মালিকের হাত উড়ে গিয়েছে। জানা গিয়েছে ওই যুবকের নাম জিতেন্দ্র গুপ্ত। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ বাড়িতে মজুত বাকি বোমা উদ্ধার করেছে বলেও জানা গিয়েছে। তবে কেন ওই বাড়িতে বোমা মজুত থাকত, কীভাবেই বা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা পুলিশ খতিয়ে দেখছে। আহত ওই যুবককে প্রথমে সাগরদত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও, পরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকরে। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
আচমকা বিস্ফোরণ, পানিহাটিতে হাত উড়ে গেল যুবকের
















