মিল্টন সেন,হুগলি: এবারে চন্দননগরের আলোর জাদুতে মাতবে অযোধ্যা। চন্দননগরের আলোর বিশ্ব জোড়া নাম। বিশ্বের নানা দেশে আলোক সজ্জার দায়িত্ব পালন করেছেন চন্দননগরের আলোকশিল্পীরা। তেমনই দীপাবলিতে রাম মন্দির আলোকিত করার গুরুদায়িত্ব পেয়েছেন চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী মনোজ সাহা। চন্দননগরের আলোয় সেজে উঠছে অযোধ্যার রাম মন্দির। একই সঙ্গে আলোকিত অযোধ্যার পথঘাট। জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। ইতিমধ্যেই সাহা ইলেকট্রিকস-এর শিল্পীদের হাতে তৈরি আলোয় সাজতে শুরু করেছে অযোধ্যা। রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন ২০২৪ সালে। আগাম মিলেছে সেই অনুষ্ঠানের বরাতও। উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত করার দায়িত্বও থাকছে চন্দননগরের। অযোধ্যার রাস্তায় থাকবে আলোর তৈরি রাম মন্দির ও রাম সীতার মূর্তি। অযোধ্যার নদীর ধার, রাস্তাঘাট এবং মন্দির সংলগ্ন এলাকা এবং চিত্রকূট এলাকাতেও ইতিমধ্যে লাগানো হয়েছে চন্দননগরের আলো। এই প্রসঙ্গে বুধবার সাহা ইলেকট্রিকসের কর্ণধার মনোজ সাহা জানিয়েছেন, "দুর্গাপুজোর আগে থেকেই অযোধ্যার জন্য কাজ শুরু হয়ে গিয়েছিল চন্দননগরের কারখানায়। অযোধ্যা পাঠানো হয়েছিল ৬০ জন কারিগরকে। দীপাবলির মোট বরাতের মূল্য ৮০ লক্ষ টাকা।