আজকাল ওয়েবডেস্ক: মধ্য এশিয়ায় আমেরিকা ও ইরানের সংঘাত তুঙ্গে। ফলে সঙ্কটে জ্বালানি। দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে চরম উদ্বেগ। এসবের মধ্যেই শুক্রবার ভারত সরকার, পেট্রল ও ডিজেলের উভয়ের ওপর ধার্য অতিরিক্ত আবগারি শুল্ক কমাল।
সরকারি নির্দেশিকা অনুসারে, পেট্রোলের ওপর ধার্য অতিরিক্ত আবগারি শুল্ক প্রতি লিটারে ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হল। অন্যদিকে, ডিজেলের ওপর ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ১০ টাকা থেকে কমিয়ে শূন্য (০) করা হয়েছে।
এই পদক্ষেপের ফলে কী আশঙ্কার মধ্যেও দাম কমতে পারে জ্বালানির, স্বস্তি পেতে চলেছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ?
হরমুজ প্রণালী বিশ্বের জন্য জ্বালানি সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। যুদ্ধের আগে এই সমুদ্রপথে পরিবাহিত হত অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ, অর্থাৎ প্রতিদিন প্রায় ২ কোটি থেকে ২.৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হচ। এছাড়া, প্রায় ১০০০ কোটি ঘনফুট গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়েই পরিবহন করা হত।
সেই সুবাদে, ভারতের জন্যও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ পথ। ঐতিহাসিকভাবে ভারতের মোট আমদানিকৃত অপরিশোধিত তেলের আনুমানিক ৪০ থেকে ৫০ শতাংশ, অর্থাৎ প্রতিদিন প্রায় ২২ লক্ষ থেকে ২৮ লক্ষ ব্যারেল এই পথ দিয়েই দেশে আসে।
ভারত পশ্চিম এশিয়া থেকে বিপুল পরিমাণ গ্যাসও আমদানি করে থাকে। কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে রপ্তানিকৃত মোট এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের আনুমানিক ১৬ থেকে ১৭ শতাংশই ভারত ক্রয় করে থাকে। এ ছাড়াও, ভারত, কাতার এবং ইরান থেকে, হরমুজ প্রণালীর মাধ্যমে বিপুল পরিমাণে এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি করে, যা দেশের ৩৩ কোটিরও বেশি পরিবারে ব্যবহৃত হয়।
জ্বালানির ওপর এই বিপুল নির্ভরতার কারণেই ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশে তেল ও গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সরকার জোর দিয়ে জানিয়েছে যে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনও বিপদ নেই।
বৃহস্পতিবার সরকার তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে, ভারতের কাছে বর্তমানে প্রায় ৬০ দিনের তেল মজুদ এবং ৩০ দিনের এলপিজি সিলিন্ডার সরবরাহের মজুদ রয়েছে। জ্বালানি সংকটের বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনকে সরকার তীব্র ভাষায় সমালোচনা করে সেগুলোকে 'উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার' হিসেবে জানিয়েছে। সরকারের মতে, এই অপপ্রচারের মূল লক্ষ্য হল মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের দিয়ে অতিরিক্ত কেনাকাটা করানো।















