টলিপাড়ায় কানাঘুষো শোনা গিয়েছিল। নন্দী পিকচার্স নাকি অক্ষয় তৃতীয়ায় তাদের পরের ছবির আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছে। শুক্রবার তেমনই আভাস মিলল। সূত্রের খবর, প্রযোজক প্রদীপ নন্দীর পরের ছবির পরিচালক সম্ভবত কৌশিক গঙ্গোপাধ্যায়। এবং আরও একবার তিনি নাকি পরিচালনা করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। বিপরীতে আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? টলিউড সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না।

নন্দী পিকচার্স সদ্য বিনোদন দুনিয়ায় পা রেখেছে। সংস্থার প্রথম ছবি ম্যাডাম সেনগুপ্ত। সায়ন্তন ঘোষালের এই ছবি দিয়ে থ্রিলার দুনিয়ায় পা রাখছেন ঋতুপর্ণা। ছবিতে তিনি কার্টুনিস্ট। স্বামী আচমকা নিখোঁজ। তাঁকে খুঁজতে দিল্লি থেকে কলকাতায়। এবং রহস্য সমাধানে জড়িয়ে পড়া। তখনই প্রযোজক ঘোষণা করেছিলেন, ঋতুপর্ণার থেকে যেভাবে সহযোগিতা পাচ্ছেন তাতে সংস্থার আগামী ছবিতেও তিনিই থাকবেন। সেই অনুযায়ী ‘ম্যাডাম সেনগুপ্ত’র ফ্র্যাঞ্চাইজির কথাও তিনি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন।

অন্য দিকে, কৌশিক ব্যস্ত সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তাঁর পরের ছবি ‘অযোগ্য’ নিয়ে। ছবিটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম জুটি। স্বাভাবিক ভাবেই ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে। এর আগে এই ত্রয়ী একজোট হয়েছিলেন ‘দৃষ্টিকোণ’ ছবিতে। তাই কৌশিক-ঋতুপর্ণার নাম উঠে আসতেই ত্রিভুজের তৃতীয় বাহু হিসেবে উঠে আসছেন বুম্বাদা। ছবির নাম বা বিষয় সম্পর্কে আপাতত কেউই কিছু বলতে রাজি নন।