ছবি মুক্তির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। নীতিশ তিওয়ারির মহাকাব্যিক ছবি 'রামায়ণ'-এর শুটিং নিয়ে গত কয়েক মাস ধরে কার্যত নাওয়া-খাওয়া ভুলেছিলেন রণবীর কাপুর। তবে এবার সেই ব্যস্ত শিডিউল থেকে খানিকটা বিরতি নিলেন অভিনেতা। না, কোনও নতুন ছবির চিত্রনাট্য পড়ার জন্য নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। স্ত্রী আলিয়া ভাট এবং মেয়ে রাহাকে নিয়ে একান্তে সময় কাটাতে কাজ থেকে সাময়িক ছুটি নিলেন বলিউডের এই সুপারস্টার।

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, রণবীর কাপুর বর্তমানে 'রামায়ণ' পার্ট ২-এর শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন। সূত্রের খবর, টানা পরিশ্রমের পর রণবীর এখন তাঁর পুরো মনোযোগ দিতে চান পরিবারের ওপর। বিশেষ করে ছোট্ট রাহা নিয়ে একটু সময় কাটাতে চাইছেন বাবা রণবীর। আলিয়া ভাটও নিজের কাজ গুছিয়ে নিয়ে এই পারিবারিক ছুটিতে সামিল হয়েছেন। সম্প্রতি, মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে রণবীর-আলিয়া ও রাহাকে। মায়ের কোলে ঘুমিয়ে ছিল ছোট্ট রাহা। তাই মেয়েকে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে আড়াল করতে দেখা গেল আলিয়াকে।

তবে রণবীরের এই বিরতির খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে কৌতূহল জেগেছে 'রামায়ণ' সিনেমার ভবিষ্যৎ নিয়ে। তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, এই বিরতি আগে থেকেই পরিকল্পিত ছিল। ছবির টেকনিক্যাল কাজ এবং সেট পরিবর্তনের জন্য এই বিরতি প্রয়োজন ছিল, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন রণবীর।

পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো রণবীরের জন্য এক ধরনের 'রিল্যাক্সেশন থেরাপি'। শীঘ্রই তিনি আবার ফিরে আসবেন সেটে, নতুন উদ্যমে শুরু করবেন পরবর্তী পর্যায়ের কাজ।

প্রসঙ্গত, ছবিতে 'রাম'-এর ভূমিকায় দেখা মিলবে রণবীর কাপুরের। সদ্যই লস অ্যাঞ্জেলেসে দর্শকদের সামনে এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়। এরপর 'রামায়ণ' নিয়ে চর্চার আগুনে যেন ঘৃতাহুতি পড়ে। নতুন করে ভাইরাল হয় রণবীরের একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে অভিনেতা বলেছিলেন তিনি রাহাকে এই ছবির শুটিংয়ের গল্প শোনাতেন। একই সঙ্গে রামায়ণের গল্পও শোনান। অভিনেতার কথায়, "আমার মেয়ে রাহাকে রামায়ণের গল্প শোনাই, আর দেখি কেমন আগ্রহ নিয়ে ও জানতে চায় তুমি কি আজ সীতার সঙ্গে শুট করেছ? তুমি কি আজ হনুমানের সঙ্গে শুট করেছ?' প্রসঙ্গত, এই ছবিতে রণবীরের পাশে 'সীতা' হিসেবে দেখা যাবে সাই পল্লবীকে, আর 'হনুমান' হয়েছেন সানি দেওল।