আজকাল ওয়েবডেস্ক: বায়ুদূষণে মারাত্মক পরিস্থিতি দিল্লিতে। পরিস্থিতির মোকাবিলা করতে সোমবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ বেলা ১২টায় দিল্লির অন্যান্য মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
সোমবার সকাল ৯টায় দিল্লির বাতাসের গুণগত মান (একিউআই) ছিল ৪৮৮। টানা পাঁচদিন ধরেই দিল্লিতে একিউআই ৪০০-র উপরে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান জারি করেছে মোদি সরকার। বায়ু দূষণ রোধ করতে এই অ্যাকশন প্ল্যান জারি করে কেন্দ্র। চতুর্থ পর্যায়ের অ্যাকশন প্ল্যান জারি করা হয়েছে দিল্লি ও তার আশপাশের এলাকায়।
দূষণের কারণে রবিবার থেকে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার।

১. দিল্লিতে ট্রাক ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একমাত্র নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জরুরি সামগ্রী, এলএনজি এবং সিএনজি ও বৈদ্যুতিন গাড়ি ছাড়া বাকি সব রকমের পণ্যবাহী গাড়ি ঢোকা নিষিদ্ধ করা হয়েছে দিল্লিতে।

২. সমস্ত রকমের নির্মাণ কাজ, নির্মাণ ভেঙে ফেলার কাজও বন্ধ রাখা হয়েছে।

৩. জাতীয় সড়ক, রাস্তা, উড়ালপুল, ওভারব্রিজ, বৈদ্যুৎ সরবরাহ এবং পাইপলাইনে কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৪. সরকারি, বেসরকারি, পুরসভা থেকে শুরু করে সমস্ত অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশিকা জারি করা হয়েছে। ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

৫. ১০ নভেম্বর পর্যন্ত সমস্ত স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।