আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে ছিলেন না স্বামী, ছেলে। সেই সময়েই ঘরে ঢুকে খুন করা হল কর্ণাটকের আধিকারিককে। জানা গিয়েছে,প্রতিমা কর্ণাটকের খনি ও ভূতত্ত্ব বিভাগের আধিকারিক ছিলেন। সুব্রমন্যপুরায় তাঁর বাসভবনে ঢুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, শনিবার রাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। ওই এলাকায় প্রায় ৮ বছর ধরে বসবাস করছেন তাঁরা। শনিবার প্রতিমার গাড়ির চালক তাঁকে বাসভবনে ছেড়ে দিয়ে যান। তখনও পর্যন্ত ঠিক ছিল সবকিছু। ঘটনার সময় বাড়িতে তাঁর স্বামী এবং ছেলে কেউই ছিলেন না। মনে করা হচ্ছে রাত সাড়ে ৮টা নাগাদ খুন করা হয় তাঁকে। রবিবার সকালে আধিকারিকের ভাই বাড়িতে এসে আধিকারিককে মৃত অবস্থায় দেখেন। সূত্রের খবর, তিনি আগের দিন রাতে প্রতিমাকে ফোন করেছিলেন, কিন্তু উত্তর পাননি। পরের দিন বাড়িতে এসেই দিদিকে মৃত অবস্থায় দেখে ফোন করেন পুলিশে। ঘটনা প্রসঙ্গে রাহুল কুমার, ডিসিপি, সাউথ ডিভিশন, বেঙ্গালুরু সিটি, জানিয়েছেন, শনিবার রাত ৮টার দিকে বাড়ি ফেরেন প্রতিমা। শনিবার রাত এবং রবিবার সকালে তাঁকে ফোনে না পেয়ে তাঁর ভাই বাড়িতে এসেছিলেন। তদন্তের জন্য তিনটি দল গঠন করা হয়েছে।ফরেনসিক এবং টেকনিক্যাল টিম কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, তদন্ত চলছে, দোষীরা শাস্তি পাবে।