আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতে জনসমক্ষে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ধস্তাধস্তি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের। যা ঘিরে রাত থেকে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। উদয়ন গুয়ের উপর আক্রমণের প্রতিবাদে দিনহাটা শহরে ২৪ ঘণ্টার জন্য বন্‌ধ ডেকেছে তৃণমূল। যা চলবে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত। এই পরিস্থিতিতে রাজভবনে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার একগুচ্ছ কর্মসূচি বাতিল করে তিনি দিনহাটায় যাচ্ছেন। আজ জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও বৈঠক করতে পারেন। মঙ্গলবার রাতেই রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি।
এদিকে তৃণমূলের ডাকা বন্‌ধের কারণ দিনহাটায় সকাল থেকেই রাস্তাঘাট শুনশান। যানচলাচল প্রায় হচ্ছে না। দোকনপাঠ বন্ধ। বেলা ১২টায় দিনহাটার উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি কী বার্তা দেন, তার দিকেই নজর থাকবে সকলের।