আজকাল ওয়েবডেস্ক: জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার  টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। শুক্রবার পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ডারবানে। রোহিত, বিরাট, জাদেজার অবসরের পর এই প্রথমবার অ্যাওয়ে টি-টোয়েন্টি সিরিজে নামছে ভারত। নেতৃত্বে সূর্যকুমার যাদব। এই সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনালের বদলা হিসেবেই দেখছে প্রোটিয়ারা। বিশ্বকাপ ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাজিত করে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতেছিল।

 

 

এবার মার্করামরা তাঁদের ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া। তবে টানটান অ্যাকশনের মধ্যে বাধ সাধতে পারে আবহাওয়া। সমর্থকরাও আগ্রহের সঙ্গে জানতে চাইছেন আবহাওয়ার অবস্থা এবং ম্যাচ চলাকালীন বৃষ্টি হবে কিনা। ডারবানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিংসমিডে। ফলে ম্যাচ চলাকালীন খেলা ব্যাহত হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, ডারবানে ম্যাচ শুরুর ঠিক আগে স্থানীয় সময় বিকেল চারটে থেকে বৃষ্টির সম্ভাবনা ৪০% পর্যন্ত।

 

 

সেই বৃষ্টি যদি সময়মত না কমে এবং মাঠ যদি ঠিক সময়ে না শুকোনো যায় তবে বৃষ্টির কারণে খেলা সংক্ষিপ্ত হতে পারে। সেক্ষেত্রে চল্লিশ ওভারের টানটান অ্যাকশন থেকে বঞ্চিত হতে পারেন সমর্থকরা। অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে এদিন প্রথম ম্যাচে নামবেন সূর্যকুমাররা। এর আগে শ্রীলঙ্কায় গিয়ে দ্বীপরাষ্ট্রকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছেন স্কাইরা। ঘরের মাঠে হারিয়েছেন বাংলাদেশকেও। কিন্তু সেনা দেশে গিয়ে এই প্রথমবার সিরিজ। ফলে, তুলনামূলক ভাবে কাজটা কঠিন হতে যাচ্ছে ভারতীয় দলের কাছে।