আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের শুরুতেই নিউজিল্যান্ডের রেকর্ড। দুই ওপেনার টিম সেইফার্ট এবং ফিন অ্যালেনের ব্যাটে ভর করে অনায়াসেই জয় ছিনিয়ে নিল কিউয়িরা।‌ মঙ্গলবার ১০ উইকেটে জেতে নিউজিল্যান্ড। বিনা উইকেট হারিয়ে ওপেনিংয়ে ১৭৫ রান তোলে ব্ল্যাক ক্যাপসরা। মাত্র ৯২ বলে এই রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ। দাপট দেখিয়ে মাত্র ১৫.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তোলে সংযুক্ত আরব আমিরশাহি। অর্ধশতরান করেন মহম্মদ ওয়াসিম (অপরাজিত ৬৬) এবং আলিশান শারাফু (৫৫)। পাওয়ার প্লেতে এই জুটি দলকে এগিয়ে নিয়ে যায়। আগ্রাসী ভূমিকা নেন ওয়াসিম। শরাফু আউট হওয়ার পর মোমেন্টাম হারায় আরব আমিরশাহি। 

শেষদিকে ওয়াসিমের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান মায়াঙ্ক কুমার। শেষ ৫ ওভারে স্কোরবোর্ডে ৫১ রান যোগ হয়। কিন্তু হারায় ৫ উইকেট। রান তাড়া করতে নেমে সেইফার্ট এবং অ্যালেনকে আটকানো যায়নি। পেস এবং স্পিনের বিরুদ্ধে একই ছন্দে ছিলেন। প্রথম থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে নামে অ্যালেন। হায়দার আলির বিরুদ্ধে জ্বলে ওঠেন সেইফার্ট। টি-২০ ক্রিকেটে ১০০ ছক্কার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন অ্যালেন। হায়দার ছাড়া বাকি বোলাররা ব্যর্থ। ১০ ওভারে ১১৯ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে এটা নিউজিল্যান্ডের দ্বিতীয় জয়। বাকি প্রতিপক্ষদের আগাম হুঙ্কার কিউয়িদের। টি-২০ বিশ্বকাপের শুরুটা দাপটের সঙ্গে করে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিরুদ্ধেও তুলে নেয় রেকর্ড জয়। নড়বড়ে শুরু থেকে টিম সেইফার্ট এবং গ্লেন ফিলিপসের ব্যাটে ভর করে ১৮৩ রানের লক্ষ্যে পৌঁছে যায়।