আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে ভারতীয় ব্যাটিং। একমাত্র সূর্যকুমার যাদব ছাড়া কোনও ব্যাটার রান পায়নি। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্টে জানা যাচ্ছে, বিসিসিআইকে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়া জিতলেও, লড়াই করে জিততে হয়েছে। পথ মসৃণ ছিল না। বিশেষ করে ব্যাটিং। বল হাতে তিন উইকেট মহম্মদ সিরাজের। জোড়া উইকেট অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেলের। ভারতীয় থিঙ্কট্যাংক হাই-স্কোরিং ম্যাচ চাইছে। সুতরাং, বোঝাই যাচ্ছে সেটা মাথায় রেখে গ্রুপ পর্বের ম্যাচের পিচ তৈরি করার কথা। কিন্তু মুম্বইয়ের পিচে নাসন্তুষ্ট ভারতীয় দল। যদিও সেই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বীরেন্দ্র শেহবাগ। সূর্যকুমার যাদবের ইনিংসের ভূয়সী প্রশংসা করেন।
প্রথমে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৭৭। স্কাইয়ের ইনিংস জিততে সাহায্য করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩২ রানে শেষ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইনিংস। সূর্যর ইনিংসকে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা বলেন বীরু। শেহবাগ বলেন, 'ভাবুন যদি ভারতীয় দল মাত্র ১০০ রানে অলআউট হয়ে যেত, তখন কেউ বলত না মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুর্বল দল ভারতকে হারিয়েছে। ওরাও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। তাই আমার মনে হয় সূর্যকুমার যাদবের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। আমি সবসময় বলি, বলে ফোকাস করো, বোলারে নয়। ভাল বল হলে, সেটাকে সম্মান করতে হবে। সেইসব বলে মারার চেষ্টা করলে, আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।'
মার্কিন যুক্তরাষ্ট্রের বোলারদের প্রশংসা করেন বীরু। বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের বোলারদের কেউ নাম শোনেনি। কিন্তু মাত্র ৭৭ রানে ভারতের ৬ উইকেট ফেলে দেয়। আমার মনে হয় গত আড়াই বছরে কোনও দল এই কাজ করতে পারেনি। সূর্যকুমারের প্রশংসা করতেই হবে। ও দারুণ খেলেছে।' বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ ভারতের।
