আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চলতি বিশ্বকাপের দুই অপরাজিত দল। সুপার এইটের পথে নিজেদের চারটে ম্যাচ জেতে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, সেয়ানে সেয়ানে টক্কর। ভারতীয় ওপেনারদের দিকে ফোকাস থাকবে। দুরন্ত ফর্মে ঈশান কিষাণ।‌ কিন্তু বিশ্বকাপে এখনও খাতা খুলতে পারেনি অভিষেক শর্মা। শূন্যের হ্যাটট্রিক করেন। তবে দলে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। একই কম্বিনেশন ধরে রাখবে ভারত। দুই পেসার যশপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং।‌তৃতীয় পেসার হার্দিক পাণ্ডিয়া। হাত ঘোরাতে দেখা যাবে শিবম দুবে, তিলক বর্মাকেও। ব্যাটিং লাইন আপ প্রথম ম্যাচ থেকেই নির্দিষ্ট। 

শ্রীলঙ্কায় পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যে সুপার এইটের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও কি তেমন সম্ভাবনা আছে? আবহাওয়া পূর্বাভাস বলছে, খেলা চলাকালীন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সুতরাং, পুরো ম্যাচ দেখতে পাবে সমর্থকরা। অভিষেক রানের মধ্যে না থাকলেও, তাঁর ফর্মে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক। সূর্যকুমার বলেন, 'আমি তাঁদের জন্য চিন্তিত যারা অভিষেকের ফর্ম নিয়ে ভাবছে। ওদের নিয়ে আমি ভাবছি। আগের বছর ও আমাদের ফাঁকফোকর ঢেকে দিয়েছে, এবার আমাদের পালা।' 

টি-২০ বিশ্বকাপে এখনও খাতা খুলতে পারেনি অভিষেক। তবে শুধু শুরুটা দরকার, বাকিটা স্বাভাবিকভাবেই হয়ে যাবে, এমন দাবি করেন ভারতের বোলিং কোচ মর্নি মরকেল। রবিবার সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি টিম ইন্ডিয়া। তার আগে এমন দাবি করেন মরকেল। পাশাপাশি আরও জানান, অভিষেকের খারাপ ফর্ম নিয়ে দলের অন্দরমহলে কোনও আলোচনা হচ্ছে না। আহমেদাবাদে শুক্রবারের ট্রেনিংয়ে গৌতম গম্ভীরের সঙ্গে একান্তে আলোচনা করতে দেখা যায় অভিষেককে। তাঁকে কিছু বোঝাতে দেখা যায় ভারতীয় দলের হেড কোচকে। বাধ্য ছাত্রের মতো মাথা নাড়েন বাঁ হাতি ওপেনার। তারপর উঁচু ক্যাচ ধরার সেশনে যোগ দেন অভিষেক। রবি সন্ধেয় সবার নজর থাকবে অভিষেকের দিকে।