আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ঘণ্টা দুয়েক। তারপরই সুপার এইট শুরু ভারতের। তার আগে অভিষেক শর্মার খেলা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। শনিবার সবার শেষে ব্যাট করেন বাঁ হাতি ওপেনার। তাই অনেকেই মনে করছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাও খেলানো হতে পারে অভিষেককে। কিন্তু তেমন সম্ভাবনা নেই। তরুণ ব্যাটারের ওপর আস্থা রাখছে ভারতীয় শিবির। রানে ফিরতে অভিষেককে কী করতে হবে সেটা বাতলে দিলেন ইরফান পাঠান। টি-২০ ক্রিকেটের একনম্বর ব্যাটার খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখনও খাতা খুলতে পারেনি। শূন্যের হ্যাটট্রিক করেন। অফ স্পিনের বিরুদ্ধে হিমশিম খাচ্ছেন। পাঠান মনে করেন, ওপেনারের শট বাছাইয়ে সমস্যা আছে।
পাঠান বলেন, 'অভিষেক শর্মা অফ স্পিনারের বলে আউট হচ্ছে। পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে অফ স্পিনারের বলে আউট হয়। সমস্যা ওর শট বাছাইয়ে।' পাঠান মনে করেন, উইকেটে থিতু না হয়েই শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে চাইছে। এটাই সমস্যায় ফেলছে। পাঠান বলেন, 'হাই অ্যাঙ্গেল থেকে ব্যাট নামায়। সোজা মারার চেষ্টা করছে না। উইকেটের আড়াআড়ি মারার চেষ্টা করছে। এটাই ওকে সমস্যায় ফেলছে। জায়গা তৈরি করার জন্য সামনের পা দূরে সরিয়ে নিচ্ছে। ড্রাইভ করার বল ছাড়াও চেষ্টা করছে।'
দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে অভিষেককে নিজের স্বাভাবিক খেলার আর্জি জানান পাঠান। বুদ্ধি করে খেলার পরামর্শ দেন। পাঠান বলেন, 'ওর টেকনিকে কোনও পরিবর্তন করার দরকার নেই। এখন পরিবর্তন করতে গেলে সমস্যা হবে। প্রথমেই এক রান নিয়ে গেরো থেকে বেরোতে হবে। ধরে নিতে হবে স্পিনার বল করতে আসবে। সেই সময় উইকেটের অন্য প্রান্তে থাকুক। ফাস্ট বোলারদের মারা উচিত। প্রথম বল থেকেই হাত খুলে মারার দরকার নেই।' ঈশান কিষাণের ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন তারকা। পাঠান বলেন, 'ঈশান কিষাণ জীবনের সেরা ফর্মে আছে। লেগে ভাল খেলছে। স্কোয়ার লেগ এবং ফাইন লেগকে টার্গেট করছে।' দুর্দান্ত ফর্মে থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈশানকে সতর্কবার্তা দিয়ে রাখেন পাঠান। শুরুতে অফ সাইডে সতর্ক থাকার পরামর্শ দেন।
