আজকাল ওয়েবডেস্ক:‌ আফগান ক্রিকেট দলের দায়িত্ব ছাড়লেন জোনাথন ট্রট। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি ছিল ২০২৬ সালের টি–২০ বিশ্বকাপ পর্যন্ত। 


গ্রুপ পর্বে ছিটকে গেলেও শেষ ম্যাচে কানাডাকে ৮২ রানে হারিয়েছে আফগানিস্তান। ম্যাচের পর আফগানিস্তানের কোচ হিসাবে শেষ বার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি ট্রট। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রশিদরাও। 


২০২২ সালে আফগানিস্তানের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ট্রট। ২০২৪ সালের টি–২০ বিশ্বকাপে প্রথম বার সুপার এইটে ওঠেন রশিদরা। কিন্তু এই টি–২০ বিশ্বকাপে দলকে প্রত্যাশিত সাফল্য দিতে পারেননি ট্রট। তবে গত চার বছরে আফগান ক্রিকেটারদের বন্ধু হয়ে উঠেছিলেন ট্রট। বিদায়বেলায় ট্রট বলেছেন, ‘আফগানিস্তানের প্রত্যেক ক্রিকেটারের অভাব অনুভব করব। ভীষণভাবে করব। ওদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। এমন একটা দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। ওদের সঙ্গে এক সাজঘরে থাকার অভিজ্ঞতা অসাধারণ। মহম্মদ নবি, রশিদ খানের মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।’ ট্রট আরও বলেছেন, ‘সত্যি বলতে, এই সাজঘরটার অভাব খুব অনুভব করব। আফগানিস্তানের প্রতিটি সমর্থকের ভালবাসা, উন্মাদনার অভাব অনুভব করব। এই সমর্থকরা এবং দুর্দান্ত স্মৃতিগুলো সারাজীবন আমার হৃদয়ে থাকবে।’


ট্রটের অবদানের কথা মেনে নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। তিনি বলেছেন, ‘ট্রট আসার পর গত কয়েক বছরে আমরা দুর্দান্ত কিছু সময় কাটিয়েছি। আফগান ক্রিকেটের জন্য উনি অনেক করেছেন। ওঁর জন্যই আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। আমাদের দলটাকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষেত্রেও ওঁর অবদান কম নয়। ওঁর চলে যাওয়াটা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন। কষ্টের। কিন্তু এটাই জীবন। কোনও কিছুই চিরস্থায়ী নয়। ট্রটের জন্য সব সময় আমাদের শুভেচ্ছা থাকবে। আশা করব, ভবিষ্যতেও যোগাযোগ থাকবে। উনি আমাদের কাছাকাছিই থাকবেন।’


৯৫ রানের অপরাজিত ইনিংস খেলা ইব্রাহিম জ়াদরান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর কোচের কথাই বলেছেন প্রথমে। কোচকে পুরস্কার উৎসর্গ করে আফগান ওপেনার বলেছেন, ‘এই পুরস্কারটা আমাদের কোচকে উৎসর্গ করছি। জোনাথন ট্রট, আপনার কাছে অনেক কিছু শিখেছি। শুধু আমাকে নয়, উনি আমাদের সকলকে উৎসাহিত করেছেন। সব সময় পাশে থেকেছেন। ওঁর প্রশিক্ষণে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে এবং আইসিসি প্রতিযোগিতাগুলোয় অনেক কিছু অর্জন করেছি। ট্রটের সঙ্গে এটাই আমাদের শেষ দিন। আমরা সকলে ওঁর অভাব অনুভব করব। ওঁর জন্য সব সময় শুভকামনা থাকবে।’ 


কানাডাকে হারানোর পর সাজঘরে রশিদরা উচ্ছ্বাসে মাতেন। নাচ–গান করেছেন। সেখানেও মধ্যমণি ছিলেন ট্রট। প্রিয় কোচকে ঘিরে রেখেছিলেন মুজিব উর রহমান, দারউইশ রাসুলি, রহমানুল্লা গুরবাজরা। সাজঘরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।