আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত বিদায়ে অবাক বিশ্বক্রিকেট। চারিদিক থেকে সমালোচনার ঝড় উঠছে। ক্রিকেট পণ্ডিতরা এই হারকে 'শ্যামবলিক' অ্যাখ্যা দিচ্ছে। বোলিংয়ের তুমুল সমালোচনা চলছে। এবার অজিদের কটাক্ষ করতে ছাড়লেন না ব্র্যাড হগ। প্রাক্তন বিশ্বকাপারের দাবি, আমাদের যা প্রাপ্য সেটাই পেয়েছি। জিম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় অস্ট্রেলিয়া। মঙ্গলবার বিশ্বকাপ থেকে বিদায় নেয় ২০২১ সালের চ্যাম্পিয়নরা। চোট, ভুল দল নির্বাচন, পারফরমেন্সে পতন, একাধিক কারণ রয়েছে অস্ট্রেলিয়ার বিদায়ের পেছনে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডের অনুপস্থিতিতে বোলিং অ্যাটাক ধসে যায়।
হগ বলেন, বোলিং ইউনিট আগের সাফল্যের ছায়া মাত্র। এছাড়াও দাবি করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছন্দপতন হয়েছে তারকা ক্রিকেটারদের। দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে স্টিভ স্মিথকে নিয়ে। দারুণ ছন্দে থাকা সত্ত্বেও প্রথমে তাঁকে বিশ্বকাপের দলে নেওয়া হয়নি। পরে তাঁকে নেওয়া হয়। হগ বলেন, 'স্মিথ কেন কলম্বোতে ছিল না তার এখনও সঠিক উত্তর খুঁজে পাওয়া যায়নি।' স্মিথকে না নেওয়া নিয়ে প্রশ্ন তোলে মিডিয়াও। বরাবরই স্পিনের বিরুদ্ধে কার্যকরী স্মিথ। তাসত্ত্বেও কেন কলম্বোর উইকেটে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি ছিলেন না সেই নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও কেন তিনি বাদ সেই নিয়েও কথা ওঠে। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা মনে করছেন, এই সমস্যা গুরুতর। হগ বলেন, 'আমাদের বোলিং গভীরতা নেই। সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বোলিং নিয়ে নির্বাচকদের ভাবতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম কী করবে?' অস্ট্রেলিয়ার বিদায় নিয়ে টিপ্পনী কাটেন পিয়ার্স মর্গ্যান। সোশ্যাল মিডিয়ায় দেন শোকবার্তা।
