আজকাল ওয়েবডেস্ক: প্রবল চাপ, যাবতীয় বিতর্ক এবং সমালোচনার মধ্যে  নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের ফলেই তারা সুপার এইটে কোয়ালিফাই করেছে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠলেও সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ তাঁর কৌশলগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। 

নামিবিয়ার বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, যা ভারতের বিরুদ্ধে ম্যাচে আগে বোলিং করার সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ এই সিদ্ধান্তের জন্য অধিনায়ক সলমন আলি আগাকে দোষ না দিয়ে সরাসরি কোচ হেসনের সমালোচনা করেন।

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে কাইফ বলেন, ‘সলমন আলি আগার কথা আমি ছেড়ে দিলাম, মাইক হেসন কী করছেন? তিনি আইপিএলে কোচিং করেছেন, সারা বিশ্বে কাজ করেছেন। তাহলে ভারতের বিরুদ্ধে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত কে দিল? বিনা পরিশ্রমে টাকা নিচ্ছেন নাকি?’

তিনি আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে আগার প্রথম বিশ্বকাপ, সে দ্বিধায় থাকতে পারে, এটা বোঝা যায়। কিন্তু হেসন কি জানতেন না ধীরগতির পিচে কী করা উচিত?’

ম্যাচে দল নির্বাচন নিয়েও মাইক হেসনের কড়া সমালোচনা করেন কাইফ। বিশেষ করে স্পিনার আবরার আহমেদকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলে দাবি করেন তিনি।

কাইফের বক্তব্য, ‘পাওয়ারপ্লেতে বল করিয়ে পরে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এটা ভুল সিদ্ধান্ত। লেগ-স্পিনারকে পাওয়ারপ্লের পরে আনা উচিত ছিল।’

পাকিস্তান ক্রিকেটে নতুন করে বিতর্ক উসকে দেন প্রাক্তন তারকা ব্যাটার ও নির্বাচক মহম্মদ ইউসুফ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের প্রেক্ষিতে তিনি প্রকাশ্যে সমালোচনা করলেন প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজমকে।

ইউসুফের স্পষ্ট বক্তব্য, বাবরের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে সফল হওয়ার মতো প্রয়োজনীয় স্কিল সেটই নেই। চলতি বিশ্বকাপে তিন ম্যাচে বাবরের সংগ্রহ মাত্র ৬৬ রান।

এই পারফরম্যান্সের পরই তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইউসুফ দাবি করেন, নির্বাচক থাকার সময় তিনি বাবরকে দল থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।