আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নতুন রেকর্ড। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে ১৬৩ মিলিয়ন মানুষ এই ম্যাচ দেখেছে। আইসিসি টি-২০ বিশ্বকাপের ডিজিটাল সত্ব রয়েছে জিও স্টারের কাছে। এই তথ্য তাঁরাই প্রকাশিত করেছে। আইসিসি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে যা রেকর্ড। এর আগে এত লোক একসঙ্গে ডিজিটাল মিডিয়ায় খেলা দেখেনি। এই সংখ্যা ছড়িয়ে গিয়েছে ২০২৪ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালকেও। বিশ্বকাপের ম্যাচে যা প্রথম। ভারতের দাপুটে পারফরমেন্সের জেরে দর্শক সংখ্যা ৫৬ শতাংশ বেড়ে যায়। মোট ২০ মিলিয়ন মিনিট ওয়াচ টাইম।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয়ে সুপার এইটে চলে যায় টিম ইন্ডিয়া। টসে দিতে ভারতকে ব্যাট করতে পাঠান সলমন আঘা। যা সবাইকে অবাক করে। সাধারণত বড় ম্যাচে প্রথমে ব্যাট করতে চায় দলগুলো। কিন্তু এদিন টসে জেতা সত্ত্বেও ফায়দা তুলতে পারেনি পাকিস্তান। শুরুতে অভিষেকের উইকেট হারালেও ঈশান কিষাণ দলকে প্রবলভাবে লড়াইয়ে রাখেন। ৬ ওভারে এক উইকেটের বিনিময়ে ৫২ রান ছিল ভারতের। ২৭ বলে অর্ধশতরান করেন ভারতীয় ওপেনার। ৪০ বলে ৭৭ রান করে আউট হন ঈশান। স্পিনের ওপর নির্ভরশীল ছিল পাকিস্তান। ছ'জন স্পিনারকে খেলানো হয়। টি-২০ বিশ্বকাপে কোনও দল এই প্রথম এক ম্যাচে এতজন স্পিনার ব্যবহার করে। ২৫ রানে ৩ উইকেট তুলে নেন হার্দিক। একটুর জন্য হ্যাটট্রিক হাতছাড়া হয়। ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। জবাবে ১৭.৫ ওভারে ১১৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। একতরফা ম্যাচ জেতে ভারত।
