আজকাল ওয়েবডেস্ক: দু'বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কেনসিংটন ওভালে জেতা ম্যাচ হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
মুখের গ্রাস হারানো ভারত ম্যাচ জিতে নিয়েছিল অবিশ্বাস্য ভাবে।
আহমেদাবাদে আবারও আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফের মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। উঠে আসছে ২০২৪-এর সেই ফাইনালের প্রসঙ্গ। প্রোটিয়া ব্রিগেডের তারকা কুইন্টন ডি কক বলছেন, ''সেই ম্যাচের কথা আমরা ভুলেই গিয়েছি। ওই ম্যাচ নিয়ে আর কেউ কথা বলতে চাইবে বলে মনে হয় না।''
আহমেদাবাদ হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠ। ভারত শিবিরে চিন্তার নাম এখন অভিষেক শর্মা। একনম্বর টি-টোয়েন্টি ব্যাটার প্রথম তিনটি ম্যাচেই করেছেন শূন্য। তাঁকে নিয়েই প্রশ্ন বেশি। অভিষেকের সমালোচকদের জবাব দিয়ে গেলেন সূর্যকুমার। আবার প্রতিপক্ষ দলকেও একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন, ''আমি সেই সব দলের কথা ভাবছি, যাদের বিরুদ্ধে অভিষেক আগুন ঝরাতে যাচ্ছে। এখনও রান পায়নি অভিষেক। ফলে রান পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আর ও যখন রান পায় তখন কী হয়, সেটা সবারই জানা।''
এখনও পর্যন্ত অভিষেকের অবদান ছাড়াই ভারত সুপার এইটে পৌঁছেছে। সূর্য বলছেন, ''ক্রিকেট দলীয় খেলা। আমরা চাই অভিষেক নিজের মতো করে খেলুক। ও সফল হলে দলের ভাল। গত বছর অভিষেক আমাদের কাজ সহজ করে দিয়েছিল। এখন আমরা অভিষেকের জন্য খেলব।''
ডি ককও অভিষেকের প্রসঙ্গে বলছেন, ''অভিষেকের বয়স কম। ব্যর্থ হতেই পারে। আমি নিশ্চিত একদিন গুরুত্বপূর্ণ ইনিংস খেলবে।''
ডি ককরাও দারুণ ছন্দে রয়েছে। তবে ভারতের থেকে পিছিয়ে রয়েছে প্রোটিয়া ব্রিগেড। তবুও ভারতের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন ডি কক।
এই ম্যাচে উঁকি দিচ্ছে গতবিশ্বকাপের ফাইনালের ছায়া।
