আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বেই খেলবে ভারত। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফরের দল বাছাই করতে দিল্লিতে বৈঠকে বসেছিল নির্বাচক মণ্ডলী। মুখ্য নির্বাচক অজিত আগরকর, কোচ রাহুল দ্রাবিড় ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ডের তিন কর্তা। রোহিত শর্মাকে ভিডিও কলে ধরা হয়। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটেই রোহিতকে অধিনায়ক করতে চেয়েছিল বোর্ড। কিন্তু তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে সাদা বলের সিরিজ থেকে বিরতি চাওয়ায় তিন ফরম্যাটে তিন নেতা বাছতে বাধ্য হয় বোর্ড। কিন্তু টি-২০ বিশ্বকাপে অধিনায়ক থাকছেন রোহিতই। সরকারিভাবে সেটা ঘোষণা না করা হলেও, তাঁকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। রোহিত চেয়েছিলেন টি-২০ বিশ্বকাপে তাঁকে অধিনায়ক রাখা হলে, সেই সিদ্ধান্ত এখনই নিয়ে নিক বোর্ড। সেই মতো রোহিতের হাতেই ব্যাটন রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে আরেক তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। টি-২০ বিশ্বকাপের দলে এখনও জায়গা পাকা নয় বিরাট কোহলির। গত বছর সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ভাল খেললেও, পরের বছর তাঁকে দেখা যাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। দিল্লির বৈঠকে বিরাটকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়। শুভমন গিল এবং যশস্বী জয়েসওয়াল নিয়মিত ভাবে দলে অন্তর্ভুক্ত হওয়ার পর, কোহলির টি-২০ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের পর এই নিয়ে বিরাটের সঙ্গে আলোচনা করবে নির্বাচকরা। তবে বাইরের মাঠে তাঁর অভিজ্ঞতা দলের কাজে লাগবে। তাই মনে হয় না বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে কোহলির মতো একজন তারকাকে বাদ দিয়ে দল পাঠানোর দুঃসাহস দেখাবে বোর্ড।