আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রথম শিরোপা জয়ের উদ্যাপন যে ভয়ঙ্কর বিপর্যয়ে পরিণত হবে, তা কেউই কল্পনা করতে পারেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই কিশোর এবং তরুণ। এই দুর্ঘটনার পর থেকেই স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। কর্ণাটক সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বহু প্রশাসনিক আধিকারিককে অপসারণ করা হয়েছে এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) সচিব ও কোষাধ্যক্ষও পদত্যাগ করেছেন।
জানা গিয়েছে, এই পরিস্থিতিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চিন্নাস্বামী স্টেডিয়াম অন্যত্র সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে এখনই কোনও সিদ্ধান্ত নয়। এমনকি, সরকারের তরফে কোনও আলোচনাও হয়নি এই বিষয়ে। সবদিকে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার বেঙ্গালুরুর ক্রিকেট স্টেডিয়ামটি আরও নিরাপদ জায়গায় স্থানান্তরের বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছে’। চিন্নাস্বামীর স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৪০,০০০ হলেও, সেদিন ভিড় ছিল তার দ্বিগুণেরও বেশি। চিন্নাস্বামীর চতুর্দিকে ব্যস্ত রাস্তা, কাবন পার্ক এবং সেনাবাহিনীর ব্যবহৃত জমি রয়েছে।
ফলে সুরক্ষা পরিকাঠামো বা জরুরি প্রস্থানের পথ তৈরি করা সম্ভব নয়। যদিও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর স্টেডিয়াম স্থানান্তর প্রসঙ্গে আলোচনার ঝড় উঠেছে। মূল শহরের আশেপাশেই কয়েকটি জায়গা ইতিমধ্যেই বিকল্প হিসেবে ভাবা হচ্ছে, যেখানে নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা আরও উন্নত করা যাবে। এই ঘটনার প্রেক্ষিতে ক্রীড়া পরিকাঠামোর নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা শুরু হয়েছে বলে সরকার জানিয়েছে।
