আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার থেকে এই খবরে মজেছিল গোটা দেশ। অপেক্ষায় ছিল কখন ব্যাট হাতে এক দশকেরও বেশি সময় পর দেখা যাবে কিং কোহলিকে। শুক্রবার অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। কিন্তু দুঃখের বিষয় তা বেশিক্ষণ টিকল না। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বোলার হিমাংশু সাংওয়ান মাত্র ৬ রানের মাথায় বিরাট কোহলিকে বোল্ড করে দিলেন। ম্যাচের দ্বিতীয় দিনে ১৫টি বল খেলার পরই নিজের ইনিংস শেষ করতে হল ভারতের প্রাক্তন অধিনায়ককে। সাংওয়ান শুধু যে কোহলিকে মাঠছাড়া করলেন তা নয়, মাঠছাড়া করলেন প্রায় তিরিশ হাজার কোহলি সমর্থককে। ১২ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে আসা কোহলির ব্যাট থেকে বড় ইনিংস দেখার আশা করেছিলেন দর্শকরা। কিন্তু সাংওয়ানের এক দুর্দান্ত ডেলিভারিই সেই পরিকল্পনায় জল ঢেলে দিল।
এরপরেই নেটমাধ্যমে উঠেছে খোঁজ খোঁজ রব। কে এই হিমাংশু সাংওয়ান? যিনি কোহলিকে আউট তো করলেনই তার ওপর হাত মুঠো আগ্রাসী সেলিব্রেশন দেখালেন। জানা গিয়েছে, ২৯ বছর বয়সী হিমাংশু সাংওয়ানের জন্ম দিল্লিতেই। ১৯৯৫ সালের ২ সেপ্টেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর বিজয় হাজারে ট্রফির মাধ্যমে রেলওয়েজের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টি-টোয়েন্টি অভিষেক এবং রঞ্জি ট্রফিতে অভিষেক করেন। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচের আগে, তিনি ২৩টি রঞ্জি ট্রফি ম্যাচে ৭৭টি উইকেট, ১৭টি বিজয় হাজারে ম্যাচে ২১টি উইকেট এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৫টি উইকেট নিয়েছিলেন। শুধু তাই নয়, রেলের চাকরি পাওয়ার আগে সাংওয়ান খেলেছেন দিল্লির হয়েছে।
ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে দিল্লির হয়ে অনুর্ধ্ব-১৯ স্তরে খেলেছেন তিনি। কিন্তু পরবর্তীকালে বড় পর্যায়ে আর জায়গা হয়নি দিল্লি দলে। ক্রিকেট খেলার জন্য বাড়িঘর ছেড়েছিলেন সাংওয়ান। সমর্থন পেয়েছেন বাবা-মায়েরও। কিন্তু সুযোগ না পাওয়ায় ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন। এক বন্ধুর পরামর্শে রেলের টিকিট পরীক্ষকের চাকরির আবেদন করেন। সফলভাবে পাশ করে ছ’মাসের মাথায় পর তাঁর ট্রান্সফার হয় নিউ দিল্লি স্টেশনে। তারপরেই ফের মনোনিবেশ করেন ক্রিকেটে। ২০১৮ সালে সিকে নাইডু ট্রফিতে রেলের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অভিষেক করেন সাংওয়ান এবং ৭টি ম্যাচে ৩৭টি উইকেট নেন। সিনিয়র দলে সুযোগ পেয়ে প্রথম রঞ্জি মরসুমেই মুম্বাইয়ের বিরুদ্ধে পৃথ্বী শ ও অজিঙ্ক রাহানেকে আউট করেন। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন। এবার দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে সংবাদ শিরোনামে উঠে এলেন তিনি।
















