আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার সঙ্গে ভারতীয় এ দলের চতুর্থ ম্যাচে একটি অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কার প্লেয়ারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। রুদ্ধশ্বাস ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষপর্যন্ত জেতে শ্রীলঙ্কা। ম্যাচের পর বৈভবকে লক্ষ্য করে কিছু মন্তব্য করে শ্রীলঙ্কার প্লেয়ার। তাতেই মেজাজ হারান ১৫ বছরের বিস্ময় বালক। কিন্তু ঠিক কী বলেছিলেন শ্রীলঙ্কার প্লেয়ার? একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ভিসেন হালামবেগ সূর্যবংশীকে বলেন, 'খেলা শেষ, এবার বাড়ি যাও।' যাতে প্রচণ্ড চটে যান বৈভব। হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। বাকি প্লেয়ার এবং অফিসিয়ালদের হস্তক্ষেপ করতে হয়।
কোনও দেশের এ দল নিয়ে সমস্যায় মাথা ঘামায় না আইসিসি। তবে এবার সেটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটি রিপোর্ট অনুযায়ী, ম্যাচ শেষের ঘটনা নিয়ে আলোচনা হয় শ্রীলঙ্কার ড্রেসিংরুমে। ড্রেসিংরুমে অনেকেই মনে করেন, ভারতীয় দলের থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত শ্রীলঙ্কার। কারণ সুপার ওভার চলাকালীন স্টেডিয়ামে পর্যাপ্ত আলো ছিল না। সুপার ওভার শুরুর আগে আম্পায়ারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক বর্মা। জানা গিয়েছে, সুপার ওভার খেলার জন্য জোর দেন তিলক। শ্রীলঙ্কা ম্যাচের ফয়সালা এক ওভারের ভিত্তিতে করতে চায়নি। ঠিক হয়, ভারতের ইনিংস চলাকালীন আলো কমে গেলে, ইনিংস বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আলো কমে যাওয়ার পরও খেলা বন্ধ করেনি আম্পায়াররা।
ম্যাচের শেষে শ্রীলঙ্কার এক ক্রিকেট কর্তা বলেন, 'প্রথমত সুপার ওভার হওয়া উচিতই ছিল না।' আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রেজাল্ট ভারতের পক্ষে যায়নি। এর আগে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে ১০ পেনাল্টি রান দেওয়া হয়। দু'বার সতর্ক করা সত্ত্বেও বিপরাজ নিগম পিচের সংরক্ষিত জায়গায় চলে যায়। ম্যাচ শুরুর সময় শ্রীলঙ্কার স্কোরবোর্ডে ১০ রান ছিলই। ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের হারের পেছনে এটাই অন্যতম কারণ।















