আজকাল ওয়েবডেস্ক: ৩৬ বলে আরও একটি শতরান করে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। ১৫ বছরের বিস্ময় বালককে নিয়ে চারিদিকে শোরগোল। তাঁকে অবিলম্বে জাতীয় দলে সুযোগ দেওয়া নিয়ে সওয়াল উঠছে। নিজের সাফল্য নিয়ে মুখ খুললেন বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরানের কৃতিত্ব ভাগ করে নিলেন যশস্বী জয়েসওয়ালের সঙ্গে। শনিবার ম্যাচের আগে সতীর্থ ওপেনারের সঙ্গে কথোপকথনের উল্লেখ করেন উঠতি তারকা। চলতি আইপিএলের অন্যতম বিধ্বংসী জুটি যশস্বী এবং বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে শুরুটা দারুণ করছে এই ওপেনিং জুটি। হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় শতরান তুলে নেন সূর্যবংশী। ৩৬ বলে ১০৩ রান করেন। রেকর্ড ব্রেকিং ইনিংসে ছিল ১২টি ছয় এবং ৫টি চার। তাঁর ব্যাটে ভর করেই নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান করে রাজস্থান। 

সানরাইজার্সের বিরুদ্ধে নিজের সাফল্যের মন্ত্র জানান বৈভব। ভাইরাল ভিডিওতে দাবি করেন, প্রথম বল থেকেই আক্রমণে যাওয়ার পরামর্শ দেয় জয়েসওয়াল। বৈভব বলেন, 'টসের পর ব্যাট করতে যাওয়ার সময় যশ ভাইয়া আমাকে বলে, বৈভব, আমরা আজকে মেরে তুলোধোনা করে দেব। আমি তার উত্তরে বলি, আমরা নেমেই ছয় মারার চেষ্টা করব।' রাজস্থান রয়্যালসের পোস্ট করা একটি ভিডিওতে এমন জানান বৈভব। রাজস্থান জিততে না পারলেও, প্যাট কামিন্সের প্রশংসা পান সূর্যবংশী। জানান, অনেক দূর যাবেন। তাঁর ভয়ডরহীন ক্রিকেট নজর কেড়েছে। কামিন্স বলেন, 'কেরিয়ারের শুরুটা দারুণ করেছে। ওর খেলার ধরন আমি খুবই পছন্দ করি। ও ম্যাচকে নিজের দখলে নিয়ে নেয়।' বৈভবকে জাতীয় দলে দেখতে চান ভারত ও অন্যান্য দেশের প্রাক্তন ক্রিকেটাররা। সওয়াল তুলতে শুরু করেছেন তাঁরা। 

বৈভবকে দরাজ সার্টিফিকেট দেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁকে অবিলম্বে ভারতীয় দলে নেওয়ার দাবি জানান কপিল দেবের এককালীন সতীর্থ। শ্রীকান্ত বলেন, 'সূর্যবংশী দুর্দান্ত সব শট খেলে। ছেলেটা অসাধারণ এবং অনবদ্য। ওকে দ্রুত জাতীয় দলে সুযোগ দাও অজিত। পরের সিরিজে ওর সুযোগ পাওয়া উচিত।' প্রধান নির্বাচক অজিত আগরকরের উদ্দেশে এই বার্তা দেন শ্রীকান্ত। অনেকেই মনে করছেন, বৈভবকে নিয়ে কোনও তাড়াহুড়ো করা উচিত নয়। ধীরে চলো নীতি নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু শ্রীকান্ত মনে করেন, অপেক্ষার দরকার নেই। সূর্যবংশী ম্যাচ উইনার। শ্রীকান্ত বলেন, 'আমার মনে হচ্ছে অবিলম্বে বৈভবকে ভারতীয় দলে নেওয়া উচিত। আরও সময় নেওয়ার কোনও প্রয়োজন নেই। অনেক ধারাবাহিকতার পরীক্ষা হয়েছে। এই ছেলেটা ম্যাচ জেতানোর জন্য তৈরি।' সূর্যবংশীর ভয়ডরহীন ক্রিকেটে মজে সকলেই।