মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য বড়সড় স্বস্তির প্রস্তাব দিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। একটি মিউচুয়াল ফান্ড স্কিম থেকে অন্য স্কিমে টাকা স্থানান্তরের ক্ষেত্রে ক্যাপিটাল গেইনস ট্যাক্স তুলে দেওয়ার সুপারিশ করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা।
2
11
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কোনও বিনিয়োগকারী যদি এক বছরের বেশি সময় ধরে মিউচুয়াল ফান্ডের ইউনিট ধরে রাখেন, সেক্ষেত্রে এক স্কিম থেকে অন্য স্কিমে স্থানান্তরকে করযোগ্য বিক্রয় হিসেবে গণ্য না করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই সুপারিশ এখনও কার্যকর হয়নি।
3
11
সহজ কথায়, কোনও বিনিয়োগকারী যখন নিজের একটি মিউচুয়াল ফান্ড স্কিম থেকে টাকা সরিয়ে একই বা অন্য অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার অন্য একটি স্কিমে বিনিয়োগ করেন, তখন তাকে সুইচিং বলা হয়। যেমন, কেউ স্মল ক্যাপ ফান্ড থেকে লার্জ ক্যাপ ফান্ডে কিংবা একটি ইক্যুইটি ফান্ড থেকে অন্য ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ স্থানান্তর করতে পারেন।
4
11
সাধারণত পোর্টফোলিওর ভারসাম্য বজায় রাখা কিংবা কোনও ফান্ডের পারফরম্যান্স খারাপ হলে বিনিয়োগকারীরা এই সিদ্ধান্ত নেন। নিয়মিত প্ল্যান থেকে ডাইরেক্ট প্ল্যানে অপশন থেকে গ্রোথ অপশনে পরিবর্তনের ক্ষেত্রেও সুইচিং হতে পারে।
5
11
বর্তমান নিয়মে মিউচুয়াল ফান্ডের এক স্কিম থেকে অন্য স্কিমে টাকা সরানোকে প্রথম স্কিমের ইউনিট বিক্রি এবং নতুন স্কিমে বিনিয়োগ হিসেবে দেখা হয়। ফলে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এলেও ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হতে পারে।
6
11
ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে ১২ মাস বা তার কম সময় ইউনিট ধরে রাখলে স্বল্পমেয়াদি মূলধনী মুনাফার উপর ২০ শতাংশ কর দিতে হয়। অন্যদিকে, ১২ মাসের বেশি সময় ধরে রাখলে দীর্ঘমেয়াদি মূলধনী মুনাফার উপর নির্দিষ্ট সীমার অতিরিক্ত লাভে ১২.৫ শতাংশ কর প্রযোজ্য।
7
11
ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৩ বা তার পরে কেনা ইউনিট থেকে হওয়া মুনাফা সাধারণত বিনিয়োগকারীর আয়কর স্ল্যাব অনুযায়ী করযোগ্য।
8
11
এমনকী সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যানের ক্ষেত্রেও এক স্কিমের ইউনিট বিক্রি করে অন্য স্কিম কেনা হয় বলে ক্যাপিটাল গেইনস ট্যাক্স প্রযোজ্য হতে পারে। সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যানে অবশ্য পুরো তোলা টাকার উপর নয়, শুধুমাত্র মুনাফার অংশের উপর কর ধার্য হয়।
9
11
বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে এক বছরের বেশি সময় ধরে রাখা ইউনিট অন্য স্কিমে স্থানান্তরের ক্ষেত্রে তাৎক্ষণিক করের বোঝা কমতে পারে। বিশেষত বিনিয়োগকারীরা বাজারের পরিস্থিতি অনুযায়ী নিজেদের পোর্টফোলিও সহজে সাজাতে পারবেন।
10
11
তবে এই ছাড় সব ধরনের সুইচিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ইক্যুইটি থেকে ডেট ফান্ড, ডাইরেক্ট ও রেগুলার প্ল্যান কিংবা গ্রোথ ও IDCW অপশনের মধ্যে স্থানান্তরও এই সুবিধার আওতায় আসবে কি না, তা জানা যায়নি।
11
11
মনে রাখতে হবে, এটি এখনও SEBI-র সুপারিশ মাত্র। সরকারের অনুমোদন এবং প্রয়োজনীয় নিয়ম পরিবর্তন না হওয়া পর্যন্ত বর্তমান করব্যবস্থাই কার্যকর থাকবে। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।