আজকাল ওয়েবডেস্ক: রবিবার আড়াই মাসের রোমাঞ্চকর ক্রিকেটের অবসান ঘটেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গুজরাট টাইট্যানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিশ্বের টি-২০ লিগের মধ্যে সেরা আইপিএল। কিন্তু কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে কোটিপতি লিগ। ২০২৬ আইপিএলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অতিরিক্ত গরমের পাশাপাশি বৃষ্টি। যার ফলে সমস্যায় পড়ে প্লেয়ার এবং ফ্যানরা। এই সমস্ত প্রতিকূলতার কথা মাথায় রেখে টুর্নামেন্ট বছরের অন্য সময় সরিয়ে নিয়ে যাওয়ার কথা চলছে। আলোচনাও শুরু হয়ে গিয়েছে। বর্তমানে মার্চ থেকে মে পর্যন্ত চলে আইপিএল। তার বদলে কোটিপতি লিগ সেপ্টেম্বর-অক্টোবরে নিয়ে যাওয়ার ভাবনায় বিসিসিআই।
একটি সাক্ষাৎকারে আইপিএলে চেয়ারম্যান অরুণ ধুমাল জানান, আইপিএলের সূচি বদলের কথা ভাবছে বিসিসিআই। এত চড়া গরমের মধ্যে লিগ আয়োজন করতে সমস্যায় পড়তে হচ্ছে। ধুমাল বলেন, 'আবহাওয়া আমাদের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। মে মাসে খুব গরম। আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কোনও উইন্ডো খুঁজে বের করতে। তারপর বছর শেষেও চেষ্টা করা হচ্ছে। কিন্তু অন্য উইন্ডোতে করার সিদ্ধান্ত নেওয়ার আগে ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনায় বসতে হবে। সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজনের একটা পরামর্শ পাওয়া গিয়েছে। দিওয়ালির আগে বলে বিজ্ঞাপনদাতাদের জন্য আদর্শ সময় হতে পারে। ক্রিকেটের স্বার্থে যা সবচেয়ে ভাল হবে সেটাই করতে হবে। কারণ আইপিএল শুধুমাত্র বিসিসিআইয়ের ওপর প্রভাব ফেলে না, বাকি দেশের ক্রিকেট বোর্ড এবং প্লেয়ারদের ওপরও প্রভাব ফেলে। বাকি দেশের বোর্ডগুলোর সঙ্গেও আলোচনা করতে হবে।' প্রসঙ্গত, কোভিডের জন্য ২০২০ সালে সেপ্টেম্বর-অক্টোবর মাসে আইপিএল হয়েছিল। ২০২১ সালে এপ্রিলে শুরু হলেও, মাঝে কোভিডের জন্য বন্ধ হয়ে যায়। শেষ হয় অক্টোবরে। সেই কারণেই এই সময়টার কথা ভাবা হচ্ছে।















