আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শেষ হতে না হতেই বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৭ আইপিএলে নাও পাওয়া যেতে পারে প্যাট কামিন্সকে। নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ান। জানান, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এমন সিদ্ধান্ত নিতে চাইছেন। কামিন্স মনে করছেন, আগামী মরশুম তাঁর কেরিয়ারের ব্যস্ততম সময় হতে চলেছে। পরের বছর কঠিন সূচি অস্ট্রেলিয়ার। ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সফর। তারপর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০তম বার্ষিকী টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তারপর হাই-প্রোফাইল অ্যাশেজ। শেষে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ। 

একটি সাক্ষাৎকারে অজি তারকা জানান, অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য আইপিএলের মায়া কাটাতে হবে তাঁকে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ওয়ার্কলোড সামলাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেই সরে যাওয়া সহজ। কামিন্স বলেন, 'পরের বছর আমাকে কিছু একটা ছাড়তে হবে। টেস্ট ম্যাচ, একদিনের বিশ্বকাপ রয়েছে। তাই একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে সেটা বদলাতে পারে। চোটের বিষয়টাও আছে। তাই আগে থেকে বলা যাবে না। তবে টেস্ট ম্যাচ এবং একদিনের বিশ্বকাপকে অবশ্যই প্রাধান্য দেব। আমি ভারতে খেললে, অ্যাশেজের আগে ব্রেক লাগবে।' সম্প্রতি একাধিকবার চোট, আঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে কামিন্সকে। পিঠের চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। কামিন্স মনে করেন, তাঁর পাশাপাশি জস হ্যাজলউডউড এবং মিচেল স্টার্কের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।