আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে নতুন ট্রেন্ড সেট করে ফেলেছেন বৈভব সূর্যবংশী। ছক্কা বা চার হাঁকিয়ে রানের খাতা খোলেন। বলে বলে সেরা বোলারদের বাউন্ডারির বাইরে পাঠান। বিশ্বের সেরা বোলার যশপ্রীত বুমরাকেও ছাড় দেননি। প্রথম বলেই ছক্কা হাঁকান। বেশিরভাগ বোলারকে রেয়াত করেননি। কিন্তু বিস্ময় বালককে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ইয়ান বিশপের। প্রাক্তন ক্যারিবিয়ান তারকার দাবি, মিচেল স্টার্কের বিরুদ্ধে এমন করতে পারবেন না বৈভব। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। বিশপ বলেন, 'আমার মনে হয় মিচেল স্টার্ককে কৃতিত্ব দেওয়া উচিত। ও প্রস্তুতি নিয়ে আসবে। যশপ্রীত বুমরার মতো ঘটবে না।'
নিঃসন্দেহে তাঁর মন্তব্য বৈভবকে তাতিয়ে দেবে। চলতি আইপিএলে যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, জস হ্যাজলউডকে প্রথম বলেই ছক্কা মারেন। ক্যারিবিয়ান তারকা মনে করেন, মানসিকভাবে শক্তিশালী ১৫ বছরের ক্রিকেটার। বিশপ বলেন, 'বিশ্বের সেরা বোলারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো ওর মানসিক ক্ষমতা রয়েছে। যশপ্রীত বুমরাকে ছাড়েনি। ওর ব্যাট সুইং অনবদ্য। অনেকটা বেসবলের মতো।' তাঁর ব্যাটিংয়ে কোনও দুর্বলতা খুঁজে পাননি বিশপ। বরং, তাবড় তাবড় বোলারদের বৈভবের বিরুদ্ধে নতুন পদ্ধতি খুঁজে বের করার পরামর্শ দেন।
এই প্রসঙ্গে বিশপ বলেন, 'ওর দুর্বলতা কোথায় সেটা এখনও ঠিক বোঝা যায়নি। তবে ব্যাক অফ লেন্থ বল খেলতে একটু অসুবিধায় পড়ে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এমনই দেখা গিয়েছে। তবে একই ডেলিভারি আবার মাঠের বাইরে ফেলতে পারে। তাই আমার মতে, টেকনিক্যালি ভাল জায়গায় আছে। বিশ্বমানের বোলারদের ওর বিরুদ্ধে একাধিক প্ল্যান তৈরি করে রাখতে হচ্ছে। এটা ওর কৃতিত্ব।' কয়েকদিন আগে বৈভবের বিষয়ে একটি অদ্ভুত মন্তব্য করেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ। মশকরা করে বলেন, ১৫ বছরের ক্রিকেটারের মধ্যে নিশ্চয় এআই চিপ আছে। নয়তো এত সহজে বিশ্বের তাবড় তাবড় বোলারদের এইভাবে খেলতে পারতেন না।















