আজকাল ওয়েবডেস্ক: শুধু ভারতে নয়, বৈভব সূর্যবংশীর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে সুদূর ইংল্যান্ডেও। মাত্র ১৫ বছর বয়স। কিন্তু অবিশ্বাস্য স্ট্রোকপ্লে দিয়ে এখনই বিশ্বক্রিকেটের নয়নের মণি হয়ে উঠেছেন। শনিবার আইপিএলে ৩৬ বলে নিজের দ্বিতীয় শতরান তুলে নেন। আইপিএলে ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম শতরান। দ্রুততম শতরানের মালিকও বৈভবই। গত আইপিএলে ৩৫ বলে শতরান করেছিলেন। ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশনে মুগ্ধ ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার সাম বিলিংস। বৈভবকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন। তাঁকে সঙ্গে লামিন ইয়ামালের তুলনা টানেন। বিশ্বখ্যাত বিশ্বকাপারের বয়স মাত্র ১৮। কিন্তু বার্সিলোনার হয়ে একশোর বেশি ম্যাচ খেলে ফেলেছেন। স্পেনের সিনিয়র দলের হয়ে ২০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন।
নিজের এক্স হ্যান্ডেলে বিলিংস লেখেন, 'যেকোনও পেশাদার খেলায় ১৫ বছরের ক্রিকেটার হিসেবে কি সূর্যবংশী সেরা? অসাধারণ খেলছে। লামিনে ইয়ামলের মাপের প্রতিভার সাক্ষী থাকছি আমরা।' শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে চলতি আইপিএলের প্রথম শতরান করেন বৈভব। ৩২ রানে থাকাকালীন তাঁর ক্যাচ ফেলেন অনিকেত। তার খেসারত দিতে হয়। যদিও ম্যাচটা জিততে পারেনি রাজস্থান। তবে আরও একবার উজ্জ্বল বৈভব। তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি ক্রমশ বাড়ছে। মহম্মদ কাইফ জানান, এমন প্রতিভা প্রজন্মে একবারই আসে। তিনি বলেন, 'এমন প্রতিভা এক প্রজন্মে একবারই আসে। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের সেরা বোলারদের দেখে খুবই সাধারণ মনে হচ্ছে। তার কারণ বৈভব। প্যাট কামিন্সের প্রথম বলে ছয় মারে। ভয়ডরহীন ক্রিকেটে খেলছে। দেখে মনে হচ্ছে গালি ক্রিকেট খেলছে। ম্যাচের পরিস্থিতি বা বোলার নিয়ে ভাবে না। আগাগোড়া আগ্রাসী ক্রিকেট খেলে।'
সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ অ্যালান বর্ডার। সবাই বৈভবের সঙ্গে শচীন তেন্ডুলকারের মিল পেলেও, তাঁর সঙ্গে ব্রায়ান লারার তুলনা টানলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। অ্যালান বর্ডার বলেন, 'আমার মনে হয় বৈভব অসাধারণ প্লেয়ার। দারুণ প্রতিভা। আমি এর আগে ১৪-১৫ বছরের কাউকে এত পাওয়ার হিটিং করতে দেখিনি। এই মুহূর্তে বলা যাচ্ছে না ও একজন সফল টেস্ট ক্রিকেটার হবে কিনা। তবে আমি ওর মধ্যে ব্রায়ান লারার ঝলক দেখতে পাচ্ছি। ওকে অনেকদূর যেতে হবে। সবে শুরু। তবে ওর হাতে শট আছে। মাঠের সবদিকে মারতে পারে।' এবার প্রশ্ন একটাই, কবে জাতীয় দলের জার্সিতে দেখা হবে বিস্ময় বালককে?















