আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্লে অফ থেকে আগেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের কাছে হেরে এবার অভিযান শেষ করেছে হার্দিক পাণ্ডিয়ারা। মরশুমটা খুবই খারাপ গিয়েছে মুম্বইয়ের অধিনায়কের। একই অবস্থা সূর্যকুমার যাদবের। ১৩ ম্যাচে ২৭০ রান করেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স ভারতের টি-২০ অধিনায়কের। লড়াকু ৬০ রান করেন স্কাই। তবে তাসত্ত্বেও ২০৬ রান তাড়া করে জিততে পারেনি মুম্বই। যার ফলে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসকে পেছনে ফেলে এগিয়ে যায় রাজস্থান। ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতে টেবিলের নয় নম্বরে শেষ করে মুম্বই।
রাজস্থান ম্যাচের আগে সূর্যকুমারের হাতের চোট নিয়ে প্রশ্ন ওঠে। সেটাকে ভুয়ো বলে উড়িয়ে দেন ভারতের টি-২০ অধিনায়ক। সূর্যকুমার বলেন, 'আমি বিষয়টি পরিষ্কার করে দিতে চাই। যারা রিস্টে চোটের কথা বলছে, তাঁরা হয় ফিজিও, বা তাঁরা ক্রিকেট বোঝে না। যদি তাই হত, তাহলে প্র্যাকটিস বা ম্যাচে যে ফ্লিক শট আমি খেলছি, সেটা মারতে পারতাম না। তবে আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ আমার হাতে নেই। তাই আমি এইসব নিয়ে বেশি ভাবি না।' সূর্যকুমার মেনে নেন, সবসময় রেজাল্ট পক্ষে যায় না। তবে কঠোর পরিশ্রম করা চালিয়ে যান তিনি। স্কাই বলেন, 'আমি গোটা মরশুমে কঠোর পরিশ্রম করেছি। বছরের শুরু থেকে করে আসছি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা হই। বিশ্বকাপও ভাল যায়। আইপিএলে আমি রান পাইনি, কিন্তু পরিশ্রম করা ছাড়িনি। আমার হাতে যা আছে, আমি তাতে ফোকাস করার চেষ্টা করি। দিনের শেষে পারফরম্যান্সের গ্যারান্টি থাকে না। তবে পরিশ্রম করে যাওয়া নিজের হাতে। সেরাটা দেওয়ার চেষ্টা করি। সাফল্য পেলে ভাল, না পেলেও সমস্যা নেই। আমরা শূন্য থেকে আবার শুরু করব। ঈশ্বর দেখছে। শীঘ্রই ফল মিলবে।'















