শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অর্ণব’। এর জেরে দেশজুড়ে বাতিল ৫৩টি ট্রেন। কলকাতা থেকেও বাতিল একাধিক ট্রেন। আসুন জেনে নেওয়া যাক কোন পথে এগোচ্ছে ঘূর্ণিঝড়? বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়বে?
2
11
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমশ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
3
11
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মধ্যে বাপটলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
4
11
‘অর্ণব’ উপকূলে আছড়ে পড়ার সময় ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ফলে উপকূলবর্তী এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে।
5
11
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, ছত্তিসগঢ় এবং পুদুচেরিতে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায়।
6
11
‘অর্ণব’-এর জেরে রেল পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। দেশজুড়ে মোট ৫৩টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
7
11
ঘূর্ণিঝড়ের কারণে ১৮০০৫ হাওড়া থেকে জগদলপুর এক্সপ্রেস ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। অন্যদিকে, ১৮০০৬ জগদলপুর থেকে হাওড়া এক্সপ্রেস ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে না।
8
11
১৮১০৭ রউরকেল্লা–জগদলপুর এক্সপ্রেস ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। ১৮১০৮ জগদলপুর–রউরকেল্লা এক্সপ্রেস বাতিল থাকবে ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত।
9
11
ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ অক্টোবর থেকেই রাজ্যেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়াও বইতে পারে।
10
11
২৮ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
11
11
২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।