আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ার। পাঞ্জাব কিংসের অধিনায়ক। দল জিতছে। তিনি রান পাচ্ছেন। এসব তো ঠিকই আছে। কিন্তু শুধু ভুলে গেলেন জুতো পরতে! শ্রেয়স আইয়ারকে কি রোহিত শর্মার রোগে ধরেছে? লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পুরস্কার মঞ্চে যাওয়ার সময় জুতো পরতেই ভুলে গেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। ক্যামেরাম্যানের কাছ থেকে ধার নিতে হল জুতো।
শ্রেয়সের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পুরস্কার মঞ্চের দিকে এগোচ্ছেন শ্রেয়স। তাঁর পায়ে তখন স্লিপার। হঠাৎই তাঁর সঙ্গে থাকা পাঞ্জাবের এর সাপোর্ট স্টাফ শ্রেয়সকে সে কথা মনে করিয়ে দেন। পায়ে জুতো নেই দেখে থমকে যান শ্রেয়স। তখন আর সাজঘরে ফিরে গিয়ে জুতো পরার সময় ছিল না।
কিছুক্ষণ চার দিকে তাকান তিনি। তখনই হয়তো পরিচিত কোনও ক্যামেরাম্যানকে শ্রেয়স দেখতে পান। তাঁকে কিছু একটা বলেন। তার পরেই দেখা যায়, সেই ক্যামেরাম্যান নিজের জুতো খুলে রাখছেন। শ্রেয়স নিজের স্লিপার খুলে রেখে সেই জুতো পরেন। তাতে বোঝা যায়, ক্যামেরাম্যানের কাছ থেকে জুতো ধার নেন তিনি। সেই জুতো পরে পুরস্কার মঞ্চে ওঠেন শ্রেয়স।
এই ঘটনার ভিডিও দেখে সকলে মজার মন্তব্য করেছেন। এটা ঘটনা, আইপিএলে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংস। ছ’ম্যাচ খেলে পাঁচটি জিতেছে পাঞ্জাব।
এটা ঘটনা, এমনিতেই ভারতের টি–২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব চাপে রয়েছেন। ব্যাট হাতে ফর্মে নেই তিনি। ফলে তাঁকে সরিয়ে বোর্ড টি–২০ তে নতুন অধিনায়ক ঘোষণা করতে পারে। সেই দৌড়ে শ্রেয়স রয়েছেন। তবে যদি সূর্যকে না সরানো হয়, তার পরেও শ্রেয়স ভারতের টি–২০ দলের অধিনায়ক হতে পারেন। নেপথ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি পরিকল্পনা। টি–২০ ক্রিকেটে ভারতীয় বোর্ড চাইছে ৩০–৩৫ জন ক্রিকেটার তৈরি রাখতে।
সে ক্ষেত্রে দু’টি দলের দুই অধিনায়ক প্রয়োজন। একটি দলের অধিনায়ক হতে পারেন শ্রেয়স।















