আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর ঠিক আগে কিছুটা স্বস্তি। হর্ষিত রানার বদলি পেল কেকেআর। নাইট শিবিরে যোগ দিলেন নবদীপ সাইনি। প্রথম ম্যাচ খেলতে বুধবার মুম্বই পাড়ি দিয়েছে নাইটরা। দলের সঙ্গে যান সাইনি। আইপিএলে শুরুটা ভাল হয়েছিল ভারতীয় পেসারের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাফল্য পান। কিন্তু শেষ দু'তিন বছর খুব একটা ভাল যায়নি। শাহরুখ খানের দলে পুনর্জন্ম হল। সাইনি বলেন, 'আমার খুব ভাল লাগছে। কলকাতা নাইট রাইডার্সে একটা আলাদা অনুভূতি আছে। তাই নাইট রাইডার হয়ে আমার ভাল লাগছে। গতকাল রাতে খবরটা শুনেছি। জানার পর আসল অনুভূতি টের পাচ্ছিলাম না। যেভাবে পরিশ্রম করছিলাম, আইপিএলের দলে সুযোগ পাওয়ার একটা আশা ছিল। জানতাম যেকোনো দিন হবে। ঈশ্বরের ওপর ভরসা ছিল।'
গত দু-তিন বছরে ক্রিকেট জীবনে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন, তাই কেকেআরে সুযোগ পাওয়াকে প্রত্যাবর্তন হিসেবে দেখছেন ভারতীয় পেসার। সাইনি বলেন, 'যেভাবে শেষ কয়েকটা বছর গিয়েছে, সাফল্য-ব্যর্থতা দুটোই ছিল। কিন্তু সেই সময় টিকে থাকা প্রধান লক্ষ্য ছিল। জানতাম কঠোর পরিশ্রম করে যেতে হবে। সেটাই করে গিয়েছি। তার ফলে এই সুযোগ এসেছে।'
আইপিএল শুরুর আগেই চোট-আঘাতে জর্জরিত কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে পেস বিভাগ নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। সেই মুস্তাফিজুর রহমান কাণ্ড থেকে শুরু। তারপর চোটের ধাক্কা। হর্ষিত রানার পর আইপিএল থেকে ছিটকে যান আকাশ দীপ। মথিশা পথিরানাকে আদৌ পাওয়া যাবে কিনা এখনও জানা নেই। এখনও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুমতি মেলেনি। গত কয়েকদিন ধরেই এদের বিকল্পের খোঁজ চলছিল। ইডেনে প্রস্তুতি শিবির চলে নাইটদের। সেখানে চলছিল পেসারদের ট্রায়াল। হর্ষিত রানার পরিবর্তের খোঁজ পেতে কালঘাম ছোটাতে হয়। কিন্তু তার আগেই আকাশ দীপের বদলি নিয়ে নেয় কেকেআর। আসন্ন আইপিএলে বেগুনি জার্সিতে দেখা যাবে সৌরভ দুবেকে। ৩০ লক্ষতে নাইট শিবিরে যোগ দেন বাঁ হাতি পেসার। বুধবার রানার পরিবর্ত হিসেবে কেকেআরে যোগ দিলেন নবদীপ সাইনি।
