আজকাল ওয়েবডেস্ক:‌ পাণ্ডিয়া ভাইদের সম্পর্কে ফাটল ধরেছে?‌ হার্দিক ও ক্রুণাল দুই ভাই। দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। এখন অবশ্য দুই ভাই আলাদা দলে। ভাই হার্দিক মুম্বইয়ে খেললেও দাদা ক্রুণাল খেলেন আরসিবিতে। তবে টিম ইন্ডিয়ার জার্সিতেও দুই ভাই একসঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছেন। হার্দিক জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও ক্রুণাল এখন আর ভারতীয় দলে জায়গা পান না।


প্রসঙ্গত, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে হার্দিক আউট হওয়ার পর ক্রুণালের উচ্ছ্বাস জল্পনা আরও বাড়ায়। তা নিয়ে মুখ খুলেছেন দাদা ক্রুণাল।


সম্প্রতি আরসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রুণাল বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। ক্রুণালকে প্রশ্ন করা হয়, ‘ভাইয়ের সঙ্গে সব ঠিকঠাক আছে, নাকি ঝগড়া চলছে।’ প্রশ্ন শুনে হেসে ওঠেন ক্রুণাল। তাঁকে আবার জিজ্ঞাসা করা হয়, ঝগড়া তো হতেই পারে। এবার ক্রুণাল হাসতে হাসতে বলেন, ‘না না, সব ঠিক আছে।’ এর পরও ছাড়েননি প্রশ্নকর্তা। তিনি বলেন, ‘গত বছরও তোমাকে আরসিবির পডকাস্টে ডেকেছিলাম। অথচ তুমি আসতে চাওনি।’ এর উত্তরে ক্রুণাল হাসি মুখে বলেন, ‘তখনও আমি আরসিবি পরিবারের সঙ্গেই ছিলাম।’ এর পর দানিশ বলেন, ‘আরসিবি পরিবারে থেকেও তুমি সেই পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে পারলে না!’ এবার ক্রুণাল বলেন, ‘তুমি আরসিবি পরিবারের সঙ্গে থাকলেও কারও অভাব অনুভব করতে পার। কিছু বিষয়ের অভাব বোধ করতে পার।’ সঙ্গে সঙ্গে প্রশ্নকর্তা বলে ওঠেন, ‘যেমন তোমার ভাই।’ এরপর দু’জনেই হেসে ওঠেন। 


তবে জল্পনা, গত এক বছরে দুই ভাইয়ের সম্পর্কে চিড় ধরেছে। মার্চ মাসে ভারত ঘরের মাঠে টি–২০ বিশ্বকাপ জেতে। সেই সময় থেকে চর্চায় উঠে আসে মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্ক। ক্রুণাল পাণ্ডিয়া এই বিশ্বজয় নিয়ে পুরোপুরি নীরব। শোনা যায়, হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশার সঙ্গে ক্রুণালদের পরিবারের যথেষ্ট ভাল সম্পর্ক। কিন্তু মাহিকার সঙ্গে প্রেমকাহিনি শুরু হওয়ার পর সেভাবে ক্রুণালদের সঙ্গে দেখা যাচ্ছে না হার্দিককে।


এটা ঘটনা, ভাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্রুণাল সরাসরি কোনও মন্তব্য করেননি। আবার হার্দিকের নামও উচ্চারণ করেননি। পুরো বিষয়টিকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। 


‌‌