আজকাল ওয়েবডেস্ক: হার্দিক পাণ্ডিয়া এবং ক্রুনাল পাণ্ডিয়ার মধ্যে সম্পর্কে কি তিক্ততা তৈরি হয়েছে? বেশ কয়েকদিন ধরে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। আপেক্ষিকভাবে দেখে মনে হচ্ছে, দুই ভাইয়ের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে। পাণ্ডিয়া ব্রাদার্সের হাবভাব দেখে তেমনই মনে হচ্ছে। কয়েকদিন আগে আইপিএলে মুখোমুখি হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্স। ফ্যানরা দুই ভাইয়ের মধ্যে সমীক্ষা বোঝার চেষ্টা করে। ক্রুনালের হার্দিককে বল করার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই চর্চা বাড়ে। কিন্তু এই বিষয়ে ক্রুনালকে প্রশ্ন করা হলে, হেসে উড়িয়ে দেন। ড্যানিশ সেইটের সঙ্গে আরসিবির পডকাস্টে এই প্রসঙ্গ ওঠে।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের সঙ্গে তাঁর সম্পর্কে অবনতি হয়েছে কিনা জিজ্ঞেস করা হয়। হেসে উড়িয়ে দেয়। জানান, সবকিছু ঠিকঠাক আছে। ড্যানিশ জিজ্ঞেস করেন, 'ওদিকে সবকিছু ঠিক আছে, না কোনও ঝামেলা হয়েছে?' প্রশ্ন শুনেই হাসতে শুরু করেন ক্রুনাল। যা দেখে ড্যানিশ পাল্টা বলেন, 'কেন এবং আন্ডারটেকারও মাঝেমধ্যে লড়াই করে।' আবার জিজ্ঞেস করা হলে ক্রুনাল বলেন, 'সবকিছু ঠিক আছে।' হার্দিক এবং ক্রুনালের রসায়ন বরাবরই ভাল। মাঠে এবং মাঠের বাইরে সবসময় একসঙ্গে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দুই ভাই। প্রায় একসঙ্গে ছবি পোস্ট করে। কিন্তু হার্দিকের বিবাহ বিচ্ছেদের পর থেকে চিত্র কিছুটা বদলে যায়। দীর্ঘদিন একসঙ্গে ছবি দেখা যায় না। কোনও অনুষ্ঠানেও দেখা যায় না দুই ভাইকে। এদিকে সম্প্রতি হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে দেখা যায় ক্রুনাল এবং তাঁর পরিবারকে। সেই থেকেই জল্পনার সূত্রপাত।
লখনউ সুপার জায়ান্টের উঠতি তারকা মুকুল চৌধুরীকে স্লেজিং করা নিয়েও প্রশ্ন ওঠে। এই অভিযোগ অস্বীকার করেন তারকা ক্রিকেটার। জানান, ঘটনার ভুল ব্যাখ্যা করা হয়েছে। ক্রুনাল বলেন, 'লোকে বলেছে, আমি একজন তরুণকে স্লেজিং করেছি। আমার প্রথম বলে ও প্যাডল মারে। আমি ওকে স্লেজ করিনি। শুধু বলি, মুকুল তুমি তরুণ ক্রিকেটার। তুমি লং অন বা লং অফের ওপর দিয়ে ছয় মেরে দেখাও। ও হাসছিল। সবটাই মজার ছলে। লোকে হয়ত আমাকে খুবই রাগী ভাবে। কিন্তু সেটা একেবারেই নয়।' আরসিবির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ক্রুনাল। এবারও দলের সাফল্যে মুখ্য ভূমিকা পালন করছেন।















