আজকাল ওয়েবডেস্ক:‌ চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু সোমবার সকালে আচমকাই কলকাতায় এলেন নাইটদের অলরাউন্ডার হর্ষিত রানা। কিন্তু কেন?‌ তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এটা ঘটনা, আইপিএলে টানা দুটি ম্যাচ হেরেছে কলকাতা। সোমবার ইডেনে খেলা পাঞ্জাবের বিরুদ্ধে। তার আগেই শহরে এলেন রানা।


তবে সোমবার কেকেআরের তরফ থেকে হর্ষিতের শহরে আসার ছবি পোস্ট করা হয়েছে। তবে খেলতে নয়, কলকাতায় হর্ষিত এসেছেন দলকে সমর্থন করতে। আর কোনও উদ্দেশ্য নেই তাঁর। দলের তরফে জানানো হয়েছে, কেকেআর পরিবারের সঙ্গে এক দিন সময় কাটাতেই শহরে এসেছেন হর্ষিত। পাঞ্জাব ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।


এটা ঘটনা, চোটের জন্য টি–২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন রানা। আইপিএলেও তাই। কলকাতা হর্ষিতের জায়গায় নবদীপ সাইনিকে নিয়েছে। তিনি এখনও একটিও ম্যাচে খেলেননি। ৭৫ লক্ষ টাকায় যোগ দিয়েছেন কেকেআরে। আইপিএল শুরু হওয়ার আগে থেকেই কেকেআরের নেটে নিয়মিত বল করতে দেখা গিয়েছিল নবদীপকে। এখনও পর্যন্ত ৩২টি আইপিএল ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন নবদীপ। ভারতের হয়ে খেলে ২৩টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর।

এদিকে, ইডেনে আর কিছুক্ষণ পরেই শুরু হবে কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ। কিন্তু সেই ম্যাচ যথাসময়ে শুরু হবে তো?‌ আশঙ্কা দেখা দিয়েছে। কারণ সোমবার কলকাতায় বিকেল থেকে সন্ধের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস এমনই।


এটা ঘটনা, গতবছরও ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এবারও পাঞ্জাব ম্যাচের উপর পড়তে পারে বৃষ্টির থাবা।


হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহভর ঝড়বৃষ্টির দাপট চলবে। রবিবার বৃষ্টি হয়েছে কলকাতার একাধিক এলাকায়। সেই একই দৃশ্য সোমবারও দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতায় বিকেল বা সন্ধেয় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।