আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ফাইনালে আরসিবি-র কাছে পরাজয়ের পরও ক্লান্তিকে অজুহাত হিসেবে তুলে ধরতে নারাজ গুজরাট টাইটান্স। গত ছ' দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হয়েছে। এই ছ'টির মধ্যে দু'টি ছিল নক আউট। খেলতে হলেও দলের পারফরম্যান্সের ব্যর্থতার দায় সেদিকে ঠেলে দিতে চাননি ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি।

ফাইনালের আগে আবহাওয়াজনিত সমস্যার কারণে গুজরাটের যাত্রা ব্যাহত হয়। ফলে শনিবার সন্ধ্যায় দেরিতে আহমেদাবাদে পৌঁছয় দল। ম্যাচের আগে বিশ্রাম ও প্রস্তুতির জন্য কার্যত ২৪ ঘণ্টারও কম সময় পেয়েছিলেন শুভমন গিলরা। 

ফাইনাল শুরুর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর মন্তব্য করেছিলেন, এমন পরিস্থিতিতে ম্যাচ পিছিয়ে দেওয়া উচিত ছিল। তাঁর মতে, গুজরাট পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পায়নি।

তবে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সোলাঙ্কি স্পষ্ট জানিয়ে দেন, আবহাওয়া বা ভ্রমণজনিত সমস্যাকে তিনি হারের কারণ হিসেবে দেখছেন না। 

তিনি বলেন, ''আবহাওয়া আমার নিয়ন্ত্রণে নয়। খারাপ আবহাওয়ার কারণে যদি আমাদের দেরিতে পৌঁছতে হয়, তাহলে সেটি নিয়ে কিছু করার নেই।''

অল্প সময়ের মধ্যে তিনটি ম্যাচ খেলার প্রভাব নিয়ে প্রশ্ন উঠলে সোলাঙ্কি স্বীকার করেন যে বিষয়টি অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। তবে তিনি জোর দিয়ে বলেন, ফাইনালে আরসিবিই ছিল সেরা দল।

সোলাঙ্কির কথায়, ''অবশ্যই অল্প সময়ে এতগুলো ম্যাচ খেলা কঠিন, বিশেষ করে একটি দীর্ঘ টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে। কিন্তু আমি সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না। আমরা আরসিবিকে চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছিলাম, ম্যাচের কিছুটা সময় সেটা করতে পেরেছি। কিন্তু দিনটা আরসিবির ছিল। ওরাই ভাল খেলেছে।''

তিনি আরও বলেন, ''দেরিতে ভ্রমণ করেছি কি না, কত ম্যাচ খেলেছি, কোন লেন্থে বল করেছি, এসব এখন আর গুরুত্বপূর্ণ নয়। বাস্তব ঘটনা হল, আজ আরসিবি আমাদের হারিয়েছে। আমরা আমাদের পুরো অভিযানের জন্য গর্বিত, কিন্তু একই সঙ্গে আরসিবিকে অভিনন্দন জানানোও আমাদের দায়িত্ব।'' 

শেষে সোলাঙ্কি বলেন, ''শুধু ক্লান্তি বা ব্যস্ত সূচির কথা বলে আরসিবির প্রাপ্য কৃতিত্ব কমিয়ে দিতে চাই না। আমরা সেই ধরনের দল নই।''