আজকাল ওয়েবডেস্ক: কলকাতা বনাম লখনউ ম্যাচে জ্বলে উঠলেন রিঙ্কু সিং। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন। ফিল্ডিংয়ের সময়ে একের পর এক ক্যাচ ধরেন তিনি। রিঙ্কু সিংকে নিয়ে একসময়ে চলছিল সমালোচনা। সেই রিঙ্কু এখন জনতার নয়নের মণি।
লখনউয়ে একসময়ে কেকেআরের রান ছিল ১৫ ওভারে ৯৩/৭। এই অবস্থা থেকে রিঙ্কু একক দক্ষতায় কেকেআর-কে পৌঁছে দেন ১৫৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টসও ২০ ওভারে ১৫৫/৮ তোলে। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন এলএসজি-কে শেষ করে দেন। রিঙ্কু ব্যাট করতে এসে জয় ছিনিয়ে নেন।
ম্যাচের সেরা রিঙ্কু ম্যাচের পর পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। সেই সময়ে দারুণ এক মুহূর্ত তৈরি হয়। রিঙ্কুর বোন নারিনকে 'হ্যালো ভাইয়া' বলে সম্বোধন করেন। রিঙ্কু তখন বোনকে বলেন, ''ভাইয়া নয় ব্রাদার।'' কারণ নারিন হিন্দি বোঝেন না।
Rinku Singh’s family talking to Sunil Narine. 🥹❤️ pic.twitter.com/rjR1VoQfqS
— Mufaddal Vohra (@mufaddal_vohra)Tweet by @mufaddal_vohra
রিঙ্কুর বোন অবশ্য হিন্দিতেই নারিনের প্রশংসা করতে থাকেন, ''আপনি খুব ভালো বোলিং করেছেন।''
রিঙ্কু তা ইংরেজিতে অনুবাদ করে দেন। নারিন হাসতে হাসতে বলেন, ''থ্যাঙ্ক ইউ ভেরি মাচ।''
কলকাতা বনাম লখনউ ম্যাচে ছিল টানটান উত্তেজনা। ছিল বিতর্ক। তবুও দিনের শেষে রিঙ্কুর দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেল কেকেআর।















