আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। আর তার পরই অধিনায়ক অজিঙ্কে রাহানের নেতৃত্ব নিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনা।
প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং স্বয়ং রাহানের নেতৃত্ব নিয়ে সোচ্চার হয়েছেন। ভাজ্জি বলেছেন, রাহানে বড় সুযোগ হাতছাড়া করেছেন। কারণ সুনীল নারিনকে পাওয়ারপ্লেতে বোলিংয়েই তিনি আনেননি।
রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেন। সেই সময়ে তাঁকে শান্ত রাখার জন্য সুনীল নারিনকে আনতে পারতেন রাহানে। কারণ অতীতের রেকর্ড বলছে, নারিনের বিরুদ্ধে সেভাবে সফ নন রোহিত। ভাজ্জি বলছেন, ''সবচেয়ে ভাল লড়াই হত যদি পাওয়ারপ্লেতে অন্তত এক বা দুই ওভার সুনীল নারিনকে দিয়ে বল করানো হত। শুরুতেই রোহিতকে আউট করার একটা সুযোগ নেওয়া যেত। মুম্বইকে শুরুতেই চাপে ফেলার সেটাই ছিল সেরা সুযোগ। কিন্তু সুনীল নারিন তার পুরো কোটাও শেষ করেনি। এতেই বোঝা যাচ্ছে নেতৃত্ব ভাল হয়নি।''
কেকেআরের ২২০ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। হরভজন এই প্রসঙ্গে বলছেন, ''রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনকে কৃতিত্ব দিতে হবে। খুব সহজে ওরা ব্যাটিং করেছে এবং বোলারদের সেট হতে দেয়নি। কেকেআর আরও ভালভাবে বিষয়টা সামলাতে পারত।''
প্রথম ম্যাচ হতেই ক্যামেরন গ্রিনকে নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। রাহানে বলেন, ''আশা করি, ক্যামেরন গ্রিন শীঘ্রই বোলিং শুরু করবে এবং দলের কম্বিনেশন কিছুটা বদলাবে। আমরা ব্যাটিং ভাল করেছি, কিন্তু বোলিংয়ে ভারসাম্য খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। (গ্রিন কেন বল করতে পারছে না) এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে করা উচিত। (ইতিবাচক দিক) আমরা ভাল ব্যাটিং করেছি এবং আমার মনে হয়েছে কার্তিক ত্যাগী ভাল বোলিং করেছে। অনেকদিন পর খেললেও ভাল পারফর্ম করেছে। ইতিবাচক দিক আছে, তবে সামনে অনেক পথ বাকি।''
রাহানের মন্তব্য ঘিরে চর্চা শুরুর পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পাওয়া পিঠের চোট থেকে গ্রিন এখনও পুরোদস্তুর সেরে ওঠেনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন,
''ক্যামেরনের পিঠের নীচের অংশে চোট রয়েছে। তবে কিছুদিন ওকে বোলিং থেকে বিরত থাকতে হবে।''
তিনি আরও বলেন, ''ক্যামেরন বর্তমানে ভারতে ধীরে ধীরে বোলিংয়ের লোড বাড়ানোর কাজ করছে। আশা করা হচ্ছে ১০-১২ দিনের মধ্যে গ্রিন আবার বোলিংয়ে ফিরতে পারবে। কেকেআরকে এই বিষয়ে জানানো হয়েছে এবং তারা পুরো বিষয়টি সম্পর্কে অবগত।''














