আজকাল ওয়েবডেস্ক: এমএস ধোনিকে দেখে বড় হয়েছেন। তাঁর ম্যাচ শেষ করার ক্ষমতায় মুগ্ধ হয়ে যেতেন। স্বপ্ন ছিল, একদিন ধোনির মতো দলকে জেতাবেন। বৃহস্পতিবার স্বপ্ন বাস্তবায়িত করেন। একাধিক ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ বল পর্যন্ত নিয়ে যান মুকুল চৌধুরী। শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচে তিন উইকেটে জেতে লখনউ সুপার জায়ান্টস। ম্যাচ জেতানো ইনিংস তাঁর বাবাকে উৎসর্গ করেন। মুকুল বলেন, 'আমি এই ইনিংস বাবাকে উৎসর্গ করছি। এমনকী বিয়ের আগে থেকেই নিজের ছেলেকে ক্রিকেটার করার স্বপ্ন দেখতেন। আমি সবসময় এমএস ধোনির খেলা দেখতাম। যেভাবে ফিনিশ করে। আমিও একই নম্বরের জার্সি পড়ে খেলি। তাই তাঁকেও ইনিংস উৎসর্গ করছি।' 

ম্যাচ ফিনিশ করার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল। তার প্রস্তুতি কিভাবে নিতেন মুকুল? উঠত তারকা জানান, প্রত্যেক দিন প্রায় ১৫০টি ছয় মারার চেষ্টা করতেন তিনি। মুকুল বলেন, 'আমার জিন এবং গঠন এমন, যা থেকে পাওয়ার তৈরি করা যায়। এছাড়াও আমি প্রচণ্ড প্র্যাকটিস করি। প্রত্যেক দিন আমি ১০০ থেকে ১৫০টি ছক্কা মারি। গত পাঁচ-ছয় মাস ধরে আমি প্র্যাকটিস করছি। তাই এটা আমার মধ্যে চলে এসেছে।' ধোনির হেলিকপ্টার শট নকল করেন মুকুল। জানান, ছোটবেলা থেকেই এই শট প্র্যাকটিস করেন। মুকুল বলেন, 'আমি এই শটটা ছোটবেলা থেকে প্র্যাকটিস করছি। আমার সবসময় এটা ভাল লাগত। বিশেষ করে যেভাবে ধোনি ইনিংস শেষ করে। ইয়র্কার বলেও ছয় মারত। এমন বলে ছয় মারতে পারলে বোলারদের পরিকল্পনা ঘেঁটে যায়।' তরুণ ক্রিকেটারের ছয় মারার ক্ষমতা নজর কাড়ে এলএসজির কোচের। কয়েকদিন আগেই তিনি দাবি করেন, মুকুলকে তিনি ভারতের অন্যতম বিপজ্জনক মিডল অর্ডার ব্যাটার করতে পারেন। তার শুরুটা হয় ইডেন থেকে। সাফল্যের জন্য জাস্টিন লাঙ্গারের কৃতিত্ব দেন মুকুল।