আজকাল ওয়েবডেস্ক: আবু ধাবিতে কিছুক্ষণ পরেই হতে চলেছে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। তার আগে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বড় বার্তা পৌঁছে দিলেন। 

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভেঙ্কটেশ আইয়ারের ঝোড়ো ইনিংস কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর হোমওয়ার্কে বড় সড় বদল করতে পারে। 

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে।  ২৩.৭৫ কোটি টাকার  বিনিময়ে তাঁকে দলে  নিয়েছিল কলকাতা। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গতবারের আইপিএলে। 

সেই কারণে এবার কেকেআর শিবির ছেড়ে দেয় ভেঙ্কটেশ আইয়ারকে। 

সেই ভেঙ্কটেশ আইয়ার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে ৪৩ বলে সাবলীল ৭০ রানের ইনিংস খেললেন পাঞ্জাবের বিরুদ্ধে।

আইয়ারের ইনিংসে সাজানো ছিল আটটি বাউন্ডারি ও দুটি ছক্কা। তাঁর এই ইনিংসের ফলে মধ্যপ্রদেশ ৮ উইকেটে ২২৫ রান করে। 

আইয়ার ফিরে যাওয়ার পরে মিডল অর্ডারে ধস নামে। 

নিলামের আগে আইয়ারের এই ইনিংসের টাইমিং 'পারফেক্ট'  বললেও অত্যুক্তি করা হবে না। একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের খোঁজে রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

সানরাইজার্স হায়দরাবাদের মতো দলের মিডল অর্ডারে আইয়ারের মতো অভিজ্ঞ একজন ব্যাটার দরকার। 

কলকাতার নজরেও থাকতে পারেন আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন। 

এই পরিস্থিতিতে আইয়ারের দুর্দান্ত ইনিংস কিন্তু দলগুলোকে ভাবাবে। নিলামের হাতুড়ি পড়ার সঙ্গে সঙ্গে থিঙ্ক ট্যাঙ্কের চিন্তায় চেতনায় ঘুরতে পারে ভেঙ্কটেশ আইয়ারের নাম। 

কলকাতার জার্সিতে ভেঙ্কটেশ আইয়ারের স্বপ্নের মরশুম কেটেছে 
২০২৩ সাল। তাঁর ঝুলিতে ছিল চারশো রান। তার মধ্যে স্মরণীয় সেঞ্চুরিও ছিল। 

সেই ভেঙ্কটেশ আইয়ারকে খসে পড়তে দেখা গিয়েছে আইপিএলের আকাশ থেকে। 

গতবারের আইপিএলে আইয়ারের ব্যাট 'বোবা' থেকে গিয়েছে। ১১টি ম্যাচে মাত্র ১৪২ রান করেন। দলের প্রয়োজনে কোনও সময়তেই ঝলসে ওঠেনি তাঁর ব্যাট। সেই কারণেই এবার নিলামের আগে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নিলামের আগে ঠিক জ্বলে উঠলেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত এক ইনিংস খেলে নিজের দাবি জোরালো করে দিলেন। বাকিটা এবার সময় উত্তর দেবে। ভেঙ্কটেশ আইয়ারের ভাগ্যপরীক্ষা হবে আবু ধাবিতে।