আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবিরে যোগ দিতে শহরে চলে এলেন রিঙ্কু সিং। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ইডেনে নাইটদের আইপিএলের প্রস্তুতি শুরু। অভিষেক নায়ারের কোচিংয়ে প্রথম অনুশীলন। তার আগেই কলকাতায় পা রাখলেন রিঙ্কু। এদিন সকালে বিমানবন্দর থেকে সরাসরি বাইপাস সংলগ্ন টিম হোটেলে যান নাইটদের তারকা ফিনিশার। বিকেলে ইডেনে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। টি-২০ বিশ্বকাপ জেতার পর পরিবারের সঙ্গে সময় কাটান রিঙ্কু। টুর্নামেন্ট চলাকালীন ক্যান্সারে বাবাকে হারান। জিম্বাবোয়ে ম্যাচের আগে ভারতীয় শিবির ছেড়ে বাড়ি ফিরে যান। পরিবারের সঙ্গে একদিন কাটিয়েই কলকাতায় জিম্বাবোয়ে ম্যাচের আগের রাতে দলের সঙ্গে যোগ দেন রিঙ্কু। তার আগেও একবার বাবার সঙ্কটজনক অবস্থার কথা শুনে দিল্লি‌ থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন। সদ্য বিশ্বকাপজয়ী দলের অন্যান্য সদস্যরা এখনও নিজেদের ফ্র্যাঞ্চাইজির অনুশীলনে যোগ দেয়নি। বেশিরভাগই ছুটি কাটাচ্ছে।‌ কিন্তু প্রথম প্র্যাকটিস সেশনের আগেই কলকাতায় হাজির রিঙ্কু। 

বুধবার থেকে শহরে আসতে শুরু করেছে কেকেআরের ক্রিকেটাররা। প্রথমেই কলকাতায় পা রাখেন সহকারী কোচ শেন ওয়াটসন। তারপর আসেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। বুধবার রাতের মধ্যে চলে আসেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় আছেন মণীশ পাণ্ডে, রমনদীপ সিং, বৈভব অরোরা, তেজস্বী সিং দাহিয়া, দক্ষ কামরা, কার্তিক ত্যাগী। বুধবার রাতে কলকাতায় চলে আসেন কোচ অভিষেক নায়ারও।

বৃহস্পতিবার সকালে পা রাখেন রিঙ্কু সিং এবং উমরান মালিক। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান হর্ষিত রানা। যার ফলে উমরানের ওপর বাড়তি দায়িত্ব থাকতে পারে। বিদেশি ক্রিকেটাররা এখনও দলের সঙ্গে যোগ দেয়নি। তবে সপ্তাহের শেষের মধ্যে কলকাতায় চলে আসার কথা। 

বুধবার বিকেলে কলকাতায় পা রাখেন অজিঙ্ক রাহানে। এবারও তাঁর অধিনায়কত্বে খেলবে কেকেআর। গতবছর ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা যায় রাহানেকে। কিন্তু তাঁর নেতৃত্বে ফাইনালে উঠতে পারেনি আগেরবারের চ্যাম্পিয়নরা। তাই সরিয়ে দেওয়ার কথা উঠেছিল। একটা সময় পর্যন্ত এবার নাইটদের অধিনায়ক বদল নিশ্চিত ছিল। একাধিক নাম উঠে আসে। তারমধ্যে ছিলেন রিঙ্কু সিংও। কিন্তু শেষপর্যন্ত রাহানেতেই আস্থা রাখছে কেকেআর। বুধবার অধিনায়ক হিসেবে মুম্বইকরের নাম ঘোষণা করা হয়। গত বছর ফাইনালে উঠতে পারেনি কেকেআর। এবার নতুন কোচের অধীনে নতুন লড়াই শুরু হতে চলেছে নাইটদের।