আজকাল ওয়েবডেস্ক: ২৮ মার্চ শুরু আইপিএল। পরের দিনই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যাত্রা শুরু কলকাতা নাইট রাইডার্সের। তার আগে আতশকাঁচের নীচে অভিষেক নায়ারের দল। আইপিএলের আগে নাইটদের নিয়ে কাটাছেঁড়া করলেন ফাফ ডু প্লেসি এবং লক্ষ্মীপতি বালাজি। জানান, ব্যাটিং অর্ডারে স্বচ্ছতা থেকে শুরু করে মার্কি প্লেয়ার হ্যান্ডেল করা, বোলিং বিকল্প, সবকিছু খুব সতর্কভাবে করতে হবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। অজিঙ্ক রাহানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বালাজি। ভারতের প্রাক্তন বোলার মনে করেন, মিডল অর্ডারে না নেমে টপ অর্ডারে ব্যাট করা উচিত কেকেআরের অধিনায়কের। বালাজি বলেন, 'আমার সবসময় মনে হয় বালাজির টপ অর্ডারে ব্যাট করা উচিত। তিন নম্বরের নিচে নামা উচিত নয়। ওয়ান ডাউনে ব্যাট করলে সেটা ওর নিজের এবং কেকেআরের জন্য ভাল হবে।' 

টপ ফোরে ফিন অ্যালেন, টিম সেইফার্ট, অজিঙ্ক রাহানে এবং ক্যামেরুন গ্রিনকে চান বালাজি। কেকেআরের কোর দলে এবার অনেক পরিবর্তন হয়েছে। যোগ দিয়েছে নতুন বিদেশিরা। ভারতের প্রাক্তনী মনে করছেন, নতুন একজনকে এগিয়ে আসতে হবে। এই তালিকায় ক্যামেরুন গ্রিন এবং ফিন অ্যালেনকে এগিয়ে রাখছেন। অঙ্গকৃষ রঘুবংশীর বিশেষ উল্লেখ করেন বালাজি। তিনি মনে করেন, এই তিনজন ভাল খেললে, শুরুতেই মোমেন্টাম পেয়ে যাবে কেকেআর। বালাজির মতো ক্যামেরুন গ্রিনের ওপর আস্থা রাখছেন ফ্যাফ ডু প্লেসি। এবার বিশাল অঙ্ক দিয়ে অজি অলরাউন্ডারকে নিয়েছে কেকেআর। তাই বাড়তি প্রত্যাশা এবং চাপের আগাম সতর্কবার্তা দেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। 

ডু প্লেসি বলেন, 'ক্যামেরুন গ্রিন প্রতিভাবান। পরিপূর্ণ প্যাকেজ। ও কেকেআরে ভারসাম্য আনবে। তবে সম্প্রতি ফর্মে নেই। ওর কাঁধে প্রত্যাশার চাপ থাকবে। সবাই ওর থেকে অনেক কিছু আশা করবে।' টপ অর্ডারে নিউজিল্যান্ডের বিধ্বংসী জুটির বিশেষ উল্লেখ করেন প্রোটিয়া তারকা। ফ্যাফ বলেন, 'টি-২০ বিশ্বকাপে ওরা কী করেছে আমরা সবাই দেখেছি। এখন টি-২০ যেভাবে খেলা হয়, ওদের দু'জনের ওপেন করা উচিত।' ব্যাটিংয়ের প্রশংসা করলেও, নাইটদের বোলিং নিয়ে প্রশ্ন তোলেন ডু'প্লেসি। বিশেষ করে চোটে কয়েকজন ছিটকে যাওয়ায়। তবে পাশাপাশি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের স্পিন জুটিকে কাজে লাগানোর বার্তা দেন। ডু'প্লেসি বলেন, 'ওদের বোলিং নিয়ে প্রশ্ন রয়েছে। চোট-আঘাত আছে। একজন অভিজ্ঞ বোলারকে নিতেই হবে। বোলিং আক্রমণে সেই অভিজ্ঞতা দরকার। বরুণ এবং নারিন টি-২০ ক্রিকেটে অন্যতম সেরা স্পিনার। তবে কেকেআরকে সাফল্য পেতে হলে, দু'জনকেই ভাল খেলতে হবে। এই দু'জনের কথা মাথায় রেখে পিচ বানাতে হবে।'