আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিনের মধ্যে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। এবার বাইশ গজে নয়, হকিতে। হকি বিশ্বকাপে একই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এছাড়াও গ্রুপে রয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস। বছর শেষে যৌথভাবে হকি বিশ্বকাপের আয়োজন করবে নেদারল্যান্ড এবং বেলজিয়াম। মঙ্গলবার অ্যামস্টারডামের ওয়াগানার স্টেডিয়ামে হকি বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। ১৫ থেকে ৩০ আগস্ট বিশ্বকাপ আয়োজিত হবে। ভারতের মেয়েদের গ্রুপে রয়েছে চীন, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। দুই বিভাগেই পুল ডিতে রাখা হয় ভারতের ছেলেদের এবং মেয়েদের দলকে। আন্তর্জাতিক হকি ফেডারেশন অনুযায়ী, ভারতের ছেলেরা এবং মেয়েরা সব ম্যাচ নেদারল্যান্ডে খেলবে।
২০২৩ হকি বিশ্বকাপে ভুবনেশ্বরে বেলজিয়ামকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জেতে জার্মানি। পুল বিতে জার্মানদের গ্রুপে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স এবং মালয়েশিয়া। একটি বিবৃতিতে হকি ফেডারেশন জানায়, 'হকির কিংবদন্তি নাওমি ভ্যান অ্যাস, বারবারা নিলেন এবং টিউন দি নুইজার হকি বিশ্বকাপের ড্রয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিশ্বকাপের ডাচ রাষ্ট্রদূত ডিজে লা ফুয়েন্তে।' বর্তমানে যুদ্ধে বিধ্বস্ত গোটা পৃথিবী। হকি ফেডারেশনের সভাপতি তায়াব ইকরাম মনে করেন, হকি বিশ্বকাপ শান্তি ফেরাতে সাহায্য করবে।
ইকরাম বলেন, 'হকি বিশ্বকাপে আমরা আরও একটা মাইলস্টোন পেরোলাম। আগামী পর্ব হকির দুটো পাওয়ার হাউজ অনুষ্ঠিত করবে। আশা করছি সাফল্য আসবে। ছয় মাসেরও অল্প সময়ের মধ্যে হকি বিশ্বকাপ আয়োজন করতে রাজি হওয়ায় আমরা বেলজিয়াম এবং নেদারল্যান্ডের কাছে কৃতজ্ঞ। এমন ইভেন্ট দেশকে একত্রিত করতে সাহায্য করবে। বর্তমানে পৃথিবী যুদ্ধ বিপর্যস্ত।' সুতরাং, ক্রিকেটের পর আবার আরও একটি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান।
