ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যে তালিকায় দলের সক্রিয় ও দাপুটে নেতাদের সংখ্যাই বেশি। চমকও রয়েছে প্রচুর।
2
8
যেমন, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। মাত্র ২৬ বছর বয়স। রাজনীতিতে সদ্য পথচলা শুরু হলেও, ভোটের ময়দানে নতুন নন ঋতুপর্ণা। ছোট থেকেই রাজনৈতিক আবহের সঙ্গে পরিচিত তিনি।
3
8
ঋতুপর্ণার বাবা শঙ্কর আঢ্য। বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। ঋতুপর্ণার মা জ্যোৎস্না আঢ্যও বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। বর্তমানে তিনি বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান।
4
8
বনগাঁতেই বেড়ে ওঠা ঋতুপর্ণার। খুবই মেধাবী ছাত্রী ছিলেন। পড়াশোনার ফাঁকে রাজনীতিতেও ছিল আগ্রহ। সদ্ব্যবহারের কারণে ঋতুপর্ণা এলাকায় জনপ্রিয়ও বটে।কিন্তু এত তাড়াতাড়ি বিধানসভা নির্বাচনের টিকিট পাবেন, তা হয়তো আশা করেননি।
5
8
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর ঋতুপর্ণা আজকাল ডট ইন-কে জানালেন, "দল ভরসা করে আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করব সেই দায়িত্ব পালন করার। এই আসনে এবার দলকে জিতিয়ে ফেরাতে পারব বলেই বিশ্বাস আমার। টিকিট পাব এই আশা আমি করিনি। আসলে আমাদের এমন একটা দল, কোনও কিছুর আশা না করলেও, সব কর্মীদের ভরিয়ে দেয়।"
6
8
ঋতুপর্ণা আরও বললেন, "ছোট থেকেই দাদুকে দেখেছি মানুষের সেবা করতে। তিনি কংগ্রেস করতেন। এরপর বাবা-মাকে সারাক্ষণ জনসেবার জন্যেই দিনরাত পরিশ্রম করতে দেখেছি। রাজনৈতিক আবহে বেড়ে উঠেছি বলেই, মানুষের জন্য কাজ করার তাগিদ আরও পেয়েছি।"
7
8
ভোটের প্রচারে বাবা-মা দু'জনেই ঋতুপর্ণার পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মঙ্গলবার রাত থেকেই প্রচার শুরু হয়েছে। সর্বক্ষণ ঋতুপর্ণার মা জ্যোৎস্না আঢ্য সঙ্গী ছিলেন তাঁর।
8
8
কিন্তু রাজনীতিক হিসেবে বাবা না মা, কাকে এগিয়ে রাখবেন? ঋতুপর্ণা বললেন, "দু'জনেই পরিশ্রমী ও দক্ষ। আমার কাছে রাজনীতির মাস্টারমশাই দু'জনেই। কিন্তু রাজনীতিক হিসেবে বাবাকে বেশি নম্বর দেব। মানুষের মধ্যে যেভাবে উনি মিশে গেছেন, সবটাই শিখেছি তাঁকে দেখে।" নিঃসন্দেহে বাবা-মায়ের পথ অনুসরণ করেই মানুষের মন জিততে চাইছেন ঋতুপর্ণা।