আজকাল ওয়েবডেস্ক: গুরবাজ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন। তাঁর ধুন্ধুমার ব্যাটিংয়ে আফগানিস্তান পৌঁছে গিয়েছিল ১৯৪ রানে। কিন্তু রান তাড়া করতে নেমে ভারত খুব সহজেই প্রথম ওয়ানডে ম্যাচ জিতে নিল। ভারত অধিনায়ক শেষ পর্যন্ত ৮৪ রানে অপরাজিত ছিলেন। লোকেশ রাহুল ১৯ বলে টি-টোয়েন্টি ফরম্যাটের মতো ঝোড়ো ব্যাটিং করে ৩৯ রানে অপরাজিত থেকে গেলেন। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে প্রতম ওয়ানডে জিতে নিল ভারত।

বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। দীর্ঘ চার ঘণ্টার অপেক্ষা করতে হয়। শেষে ম্যাচের ওভার সংখ্যা কেটে ফেলা হয়। খেলা হয়ে যায় ২৫ ওভারের। অনেকটা ঠিক কুড়ি ওভারের। টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানরা খুবই শক্তিশালী। 

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ২৫ ওভারের খেলায় ভারতের বোলারদের কার্যত ছিন্নভিন্ন করে গুরবাজ খেলেন ১০২ রানের বিধ্বংসী ইনিংস। 

মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন গুরবাজ। আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম শতরানের রেকর্ড গড়লেন তিনি। তাঁর এই ঝোড়ো ইনিংসের সৌজন্যে আফগানরা ভেসে থাকে ম্যাচে। 

ইনিংসের শুরুটা যদিও সহজ ছিল না আফগানিস্তানের জন্য। মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে সেই চাপ সামলিয়ে একাই লড়াই চালান গুরবাজ। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৮টি ছক্কা, যেখানে ভারতের প্রায় সব বোলারকেই তিনি অনায়াসে আক্রমণ করেন।